পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষার আহ্বান ডেপুটি স্পিকারের
পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাঙলা সংস্কৃতিকে রক্ষা করতে নবান্ন উৎসবের মতো আরো উৎসব চান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।
তিনি বলেছেন, “পশ্চিমা সাংস্কৃতিক আগ্রাসন আমাদের ঐতিহ্যকে বিলুপ্ত করার চেষ্টা করছে। এ থেকে আমাদের ঐতিহ্যকে রক্ষা করতে নবান্ন উৎসবের মতো অনুষ্ঠান আয়োজন করা দরকার।”
শনিবার বাংলাদেশ শিশু একাডেমির মুক্ত মঞ্চে ‘নবান্ন উৎসব’ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার এ কথা বলেন।
বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে ধরে রাখতে শিশুদের উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “বিশ্বের যাবতীয় জ্ঞানে আমাদের শিশুদের কৃতি হয়ে উঠতে হবে। সেই সাথে ঐতিহ্যকে ধরে রাখতে হবে। বিশ্বের জ্ঞান এবং আপন ঐতিহ্যে বড় হয়ে উঠতে হবে শিশুদের।”
মুক্তিযুদ্ধ ও বাংলার সংগ্রামের ইতিহাস সম্পর্কে ধারণা নেওয়ার জন্যও শিশুদের আহ্বান জানান তিনি।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি কাজী রোজী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, শিশু একাডেমির পরিচালক মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে নবান্ন উৎসব উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
