অ্যালকোহল বিক্রির দায়ে জামায়াতনেতার ছেলের জরিমানা
নীলফামারীর জলঢাকায় অবৈধভাবে অ্যালকোহল বিক্রির অভিযোগে জামায়াতে ইসলামীর উপজেলা আমিরের ছেলেকে জরিমানা করা হয়েছে।
জলঢাকা থানার ওসি মনিরুজ্জামান মনির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্টের ট্রাফিক মোড়ের ফেরদৌসের মালিকানাধীন আলম হোমিও হলে অভিযান চালিয়ে ৬৪ বোতল অ্যালকোহল পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালত তাকে সাত হাজার টাকা জরিমানা করে।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান হাবিব জানান, বৈধ অনুমতি ছাড়াই জলঢাকা শহরে আলম হোমিও হল নামের চিকিৎসার দোকান খুলে ফেরদৌস আলম অ্যালকোহল বিক্রি করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ সালের ১৯/১(১০) ধারায় তাকে উক্ত জরিমানা করা হয়।
