২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস উল্টে যুবলীগের ৩৩ নেতাকর্মী আহত

রাজধানীতে যুবলীগের সম্মেলনে আসার পথে গাজীপুরে একটি বাস উল্টে যুবলীগের অন্তত ৩৩ নেতাকর্মী আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 07:00 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

গাজীপুরের নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই কাওসার আহমেদ জানান, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুরের সালনা ব্রিজের উত্তর পাশে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গেইটের সামনে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ।

আহত শ্রীপুরের মনিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি তপন চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকায় যুবলীগের সম্মেলনে যোগ দেওয়ার জন্য শ্রীপুর থেকে ৫০/৬০ জন নেতাকর্মী পলাশ পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটি সকাল সাড়ে ১১টার দিকে গাজীপুর সালনা এলাকায় পৌঁছলে হঠাৎ উল্টে যায়। এতে বাসের অন্তত ৩৩ যাত্রী আহত হন।

ঘটনার পরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবদুস সালাম সরকার জানান, আহতদের মধ্যে মধ্যে কবির হোসেন, আবু রায়হান, আবুল কালাম, দুলাল, তমিজ উদ্দিন, ওহাব হোসেন ফকির, মিলন, হাকিম মিয়া, রফিকুল ও এনায়েতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদের গাজীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের বয়স ২৪ বছর থেকে ৪০ বছরের মধ্যে বলে জানান ওই চিকিৎসক ।