তাড়াশে চিকিৎসকের অবহেলায় রোগীমৃত্যুর অভিযোগ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।
জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন রাজ্জাক আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোর পৌনে ৩টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কক্ষে মারা যান খোদেজা বেওয়া।
“ওই সময় জরুরি বিভাগের দায়িত্বে থাকা আবাসিক চিকিৎসা কর্মকর্তা শিমুল তালুকদার অনুপস্থিত ছিলেন বলে নিহতের স্বজনরা অভিযোগ করেছেন।”
খবর পেয়ে দুপুরে হাসপাতাল পরিদর্শনের পর ঘটনা তদন্তে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করার কথা জানান তিনি।
নিহতের ছেলে খাদেম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাত ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় মাকে হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক শিমুল তালুকদার তখন হাসপাতালে ছিলেন না।
“হাসপাতালের চিকিৎসা সহকারী জাহিদ হোসেন তাকে মোবাইল ফোনে বার বার ডাকার পরও তিনি সেখানে আসেননি। রাত পৌনে ৩টার দিকে চিকিৎসার না পেয়ে মা মারা যান।”
তবে দায়িত্ব অবহেলা ও গাফিলতির অভিযোগ অস্বীকার করেছেন শিমুল তালুকদার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক বলেন, “রক্তশূন্যতা ও বুকে ব্যাথা নিয়ে ওই রোগী হাসপাতালে আসে। ফোন পেয়ে হাসপাতালে পৌঁছে দেখি তিনি মারা গেছেন।”
কমিটির তদন্তে চিকিৎসকের গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রাজ্জাক আলম।
