২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরিদ্রদের কাছে জন্মনিরোধক পৌঁছাতে নতুন উদ্যোগ

বাংলাদেশসহ বিশ্বের দারিদ্র্যপীড়িত ও উন্নয়নশীল দেশগুলোর দরিদ্র নারীদের পরিবার পরিকল্পনা সংক্রান্ত তথ্য, সেবা ও পণ্য আরও সহজলভ্য করে তুলতে ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান এবং  দাতব্য সংস্থাগুলো একযোগে কাজ করার একটি উদ্যোগ নিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2014, 01:23 AM

Updated : 22 Aug 2022, 07:52 PM

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রভিত্তিক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান ফিজার ইনকর্পোরেশন, বিল ও মিলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং লন্ডনভিত্তিক চিলড্রেন্স ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন এক অনুষ্ঠানে বিশ্বব্যাপী পরিবার পরিকল্পনার ব্যাপারে একযোগে কাজ করার ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ফিজারের তৈরি জন্মনিরোধক ইঞ্জেকশন ‘সায়ানা প্রেস’ প্রসারে বিশেষ পরিকল্পনার কথা জানায়।

বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিকদের প্রযুক্তি ব্যবহার করে ওই সংবাদ সম্মেলনে সংযুক্ত করা হয়, যাতে অনলাইনে যোগ দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকও।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘সায়ানা প্রেস’ নামের দীর্ঘমেয়াদে কার্যকর ইঞ্জেকশনের মাধ্যমে দেওয়া জন্মনিয়ন্ত্রণ প্রতিষেধক ৬৯টি দেশের অস্বচ্ছল নারীদের কাছে সহজলভ্য করার পরিকল্পনা করা হয়েছে।

২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা নিয়ে সম্মেলনের আগে ‘সায়ানা প্রেস’ বাজারে ছাড়া হয়েছিল। লন্ডন পরিবার পরিকল্পনা সম্মেলনে ২০২০ সালের মধ্যে পরিবার পরিকল্পনার তথ্য ও সেবা অনুন্নত এবং দরিদ্র দেশের আরও ১২ কোটি নারীর কাছে পৌঁছানোর আঙ্গীকার করা হয়েছিল।

পরিসংখ্যান বলছে, উন্নয়নশীল দেশগুলোর ২০ কোটিরও বেশি নারী দেরিতে গর্ভধারণ করতে চান।  পাশাপাশি অনাকাক্ষিত গর্ভধারণ থেকেও রেহাই পেতে চান। কিন্তু তারা কোনো ধরনের জন্মনিয়ন্ত্রণ পদ্ধতিতে গ্রহণ করেন না।

বাংলাদেশের জনসংখ্যা ও স্বাস্থ্য বিষয়ক পরিসংখ্যান (বিডিএইচএস)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, দুটি সন্তান আছে এমন ৮২ শতাংশ দম্পতি আর সন্তান নিতে ইচ্ছুক নন। আর যেসব দম্পতির তিনটি সন্তান রয়েছে তাদের মধ্যে পুনরায় সন্তান নিতে অনিচ্ছুক দম্পতির হার ৯০ শতাংশেরও বেশি। 

এদের বেশিরভাগই নিজেদের বয়স বিশের কোটায় থাকার সময়েই সন্তান নিয়েছেন। ফলে আরও দুই দশক সময় তারা সন্তান উৎপাদনক্ষম থাকেন।

কিন্তু পরিসংখ্যান বলছে, এসব দম্পতির মাত্র ৮ শতাংশ পরবর্তী জীবনের জন্য দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেন।      

ইঞ্জেকশনের মাধ্যমে নেওয়া জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ব্যবহার উন্নয়নশীল দেশগুলোতে তুলনামূলক বেশি। আর এসব দেশে গর্ভজনিত কারণে মাতৃ মৃত্যুর হার প্রতি পনের জনে একজন।

কিন্তু বেশিরভাগ উন্নয়নশীল দেশেই জন্মনিরোধক ইঞ্জেকশন নিতে একজন নারীকে দক্ষ স্বাস্থ্যকর্মীর শরণাপন্ন হতে হয়, যা হয়ত গ্রামাঞ্চল ও দুর্গম এলাকায় সব সময় সম্ভবও হয় না।

‘সায়ানা প্রেস’ ইঞ্জেকশনটি এই সমস্যার সমাধান নিয়ে এসেছে বলে নিউ ইয়র্কের ওই সম্মেলনে দাবি করা হয়।

সেখানে বলা হয়, এটি দীর্ঘমেয়াদে কার্যকরী এমন একটি ব্যতিক্রমধর্মী ইঞ্জেকশন পদ্ধতি, যার জন্য প্রথাগত সিরিঞ্জ ও সুইয়ের ব্যবহার নেই।

এটির সবকিছু তৈরিই থাকে। স্বাস্থ্যকর্মীদের নির্দেশনায় একজন নারী বাড়িতে বা তার সুবিধাজনক স্থানে এটি নিতে পারেন।

প্রত্যেক ইঞ্জেকশনে কমপক্ষে ১৩ সপ্তাহ গর্ভধারণ থেকে একজন নারী নিরাপদে থাকবেন।  

বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়ন এবং ‘পরিবার পরিকল্পনা-২০২০’ সামনে রেখে এগোচ্ছে এমন অনেক দেশেই ‘সায়ানা প্রেস’ অনুমোদিত। কিন্তু যুক্তরাষ্ট্রে এই ইঞ্জেকশনটি পাওয়া যায় না। সেখানে এটি অনুমোদিতও নয়।

‘সায়ানা প্রেস’ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফিজার জানিয়েছে, পিএটিএইচ, ডিএফআইডি, ইউএনএফপিএ এবং ইউএসএআইড-এর মত ‘মানসম্মত ক্রেতাদের’ জন্য তারা প্রতি ডোজের দাম নির্ধারণ করেছেন এক ডলার করে।

এসব প্রতিষ্ঠানগুলো তাদের কাছ থেকে এই জন্মনিরোধক কিনে নিয়ে দরিদ্র দেশগুলোর নারীদের কাছে তা আরও কমমূল্যে বা বিনামূল্যে বিক্রি করতে পারে।

সংবাদ সম্মেলনে ফিজার গ্লোবাল এস্টাব্লিশড ফার্মা বিজনেস-এর প্রেসিডেন্ট জন ইয়াং বলেন, “দুর্গম এলাকার নারীদের প্রয়োজন মেটাতে ফিজার এটি তৈরির প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে এবং বিশেষ করে এর প্রযুক্তি জনস্বাস্থ্যের কথাটি মাথায় রেখে করা হয়েছে।”

বিল অ্যান্ড মিলিন্ডা গেটস ফাউন্ডেশনের গ্লোবাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম-এর প্রেসিডেন্ট ক্রিস ইলিয়াস বলেন, “এ ধরনের উদ্যোগের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।”

চিলড্রেন ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মাইকেল অ্যান্ডারসন বলেন, “এ অংশীদারিত্বের কারণে সাধ্যের মধ্যে জন্মনিয়ন্ত্রণ নিশ্চিত হবে। আমরা বিশ্বাস করি নারী ও শিশুদের বাঁচিয়ে রাখার উদ্যোগকে আরও বেগবান ও সফল করবে।”