বাঘায় ২ যুবলীগ নেতা গ্রেপ্তার
রাজশাহীর বাঘা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তাররা হলেন বাঘা উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তসিকুল ইসলাম ও উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য লাল বাহাদুর।
শনিবার দুপুরে মাদক মামলায় এ দুই নেতাকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ বলছে, মদ্যপান করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে গালাগাল করায় তাদের গ্রেপ্তার করা হয়। তাবে, তাদের পক্ষ থেকে পুলিশের বক্তব্য অস্বীকার করা হয়েছে।
বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, "বৃহস্পতিবার রাতে তসিকুল ও বাহাদুর মদ্যপান করে বাঘা বাজারে প্রকাশ্যে মাতলামি করেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগাল দেন।
"খবর পেয়ে রাতেই মাতাল অবস্থায় এ দুজনের নিজ নিজ বাড়ির আশপাশের এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।"
তবে স্থানীয় উপজেলা আওয়ামী লীগের কাউন্সিলে প্রতিমন্ত্রী সমর্থিত প্যানেলের বিপক্ষে প্রার্থী হওয়ার কারণেই মিথ্যা অভিযোগে তসিকুলকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার বড় ভাই ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাব হোসেন।
আলতাব হোসেন বলেন, "আগামী রোববার বাঘা উপজেলা আওয়ামী লীগের কাউন্সিল ও সম্মেলন। কাউন্সিলে বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলী সভাপতি পদে ও তসিকুল সাধারণ সম্পাদক পদে প্যানেল গঠন করে প্রতিমন্ত্রী সমর্থিত প্যানেলের বিপক্ষে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছেন।
এ কারণেই মিথ্যা অভিযোগে বাড়ি থেকে তার ভাইকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে দাবি করেন আলতাব।
