কক্সবাজারে জামায়াতের তাণ্ডব: ৩ মামলায় অভিযোগপত্র
কক্সবাজার শহরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের তাণ্ডবের তিনটি মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
কক্সবাজার আদালত পুলিশের ওসি মিজবাহ উদ্দিন জানান, মামলার তিন তদন্ত কর্মকর্তা বৃহস্পতিবার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।
এছাড়া তিনি বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
তবে আদালতের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা জানান, এ তিন মামলার অভিযোগপত্রে ২৭৩ জনকে আসামি করা হয়েছে।
এদের মধ্যে রয়েছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা জামায়াতের সেক্রেটারি জিএম রহিমুল্লাহ, কক্সবাজার পৌরসভার মেয়র সরওয়ার কামাল, সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সলিমুল্লাহ বাহাদুর, ‘রোহিঙ্গা জঙ্গি’ সালাউল ইসলাম, ঝিলংজার সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল গফুর, এডভোকেট গোলাম ফারুক খান কায়সার, সাবেক শিবির নেতা জাহাঙ্গির কাসেম, শ্রমিক নেতা মোহাম্মদ আলমগীর, আমিনুল হাসান, শিবির নেতা শাকিল, এডভোকেট আমির হোসেন, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান আনোয়ারী, এডভোকেট আবদুল মান্নান, রাশেদুল করিম মার্কিন, মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর কাসেম, মাষ্টার শফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, জাহেদুল গনি, জাহেদুল ইসলাম, ফয়েজ উল্লাহ প্রমুখ।
মামলার নথি থেকে জানা যায়, গত ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াত-শিবির ‘মাওলানা সাঈদি মুক্তি পরিষদ’র ব্যানারে কক্সবাজার শহরে ব্যাপক তাণ্ডব চালায়। এতে তিন জন নিহত এবং অনেকেই আহত হন।
পুলিশ এই ঘটনায় হত্যা; অস্ত্র ও বিস্ফোরক; এবং সন্ত্রাস দমন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে।
হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (আইও) হলেন কক্সবাজার গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এ কে এম মনজুর আলম। অস্ত্র ও বিস্ফোরক মামলার আইও কক্সবাজার সদর মডেল থানার এসআই ফজলুল কাদের পটোয়ারী এবং সন্ত্রাস দমন আইনের মামলার আইও কক্সবাজার সদর মডেল থানার এসআই জজ চাকমা।
