সিডরের ৭ বছর: 'ত্রাণ নয়, বাঁধ চাই'
প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'সিডর' আঘাত হানার পর সাত বছর পেরিয়ে গেলেও ক্ষতিগ্রস্ত বাঁধের সংস্কার না হওয়ায় আতঙ্ক পিছু ছাড়ছে না দক্ষিণ জনপদের উপকূলীয় বাসিন্দাদের।
২০০৭ সালের ১৫ নভেম্বর সুন্দরবন সংলগ্ন উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় সিডরের আঘাতে সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটে। ক্ষতিগ্রস্ত হয় এসব এলাকার বেড়িবাঁধসহ অসংখ্য স্থাপনা।
প্রলয়ঙ্করী সেই ঘূর্ণিঝড়ের পর সাত বছরে সহায় সম্বল হারানো মানুষ সরকারি ও বেসরকারি সহায়তায় ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলোর সংস্কার ও মেরামত যথাযথভাবে না হওয়ায় বরগুনা ও বাগেরহাট জেলার উপকূলীয় এলাকার মানুষের অনিশ্চয়তা কাটছে না।
স্থানীয়রা বলছেন, এ দুই জেলায় যেসব বাঁধ আছে সেগুলোর অবস্থা নাজুক। বড় ধরনের জলোচ্ছ্বাস হলে তা ঠেকাতে পারবে না এই বাঁধ।
অমাবস্যা-পূর্নিমায় এখনো বরগুনায় বিষখালী ও পায়রা নদী তীরের সদর উপজেলা, পাথরঘাটা ও আমতলীর বিভিন্ন গ্রামে পানি ঢুকে ফসলের ক্ষতি করে।
সদর উপজেলার বালিয়াতলি গ্রামের কৃষক আবদুল মান্নান বলেন, সিডরের পরে তার এলাকায় বেড়িবাঁধের সংস্কার হয়েছে ‘নামে মাত্র’। ফলে জোয়ারের লোনা পানি ঢুকে ফসল নষ্ট করছে।
সিডরে নিজের দুই মেয়েক হারিয়েছেন সদর উপজেলার ছিনইবাড়িয়া গ্রামের মরিয়ম আক্তার।
'জাগো নারী' নামের একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পায়রাতীরের এ গ্রামের বেড়িবাঁধ কিছুটা মেরামত করা হলেও তাতে জোয়ারের পানি ঠেকছে না বলে জানান তিনি।
তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এসব বাঁধ দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণ না হলে প্রাকৃতিক দুর্যোগে আরো বহু মানুষকে স্বজন হারাতে হবে।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সিডরের সময় জেলার ২২টি পোল্ডারের সাড়ে ৯০০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে ৫৪ কিলোমিটার সম্পূর্ণ এবং ৩৯৬ কিলোমিটার বাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়।
এর মধ্যে ২২টি পোল্ডারে ১৪ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এখনো ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে আছে। আংশিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ২১২ কিলোমিটার।
সিডরের দিন জলোচ্ছ্বাসে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলায়। ওই এলাকার বহু ব্যবসা প্রতিষ্ঠান ও ঘরবাড়ি ভেসে যায়। হাজার হাজার গাছপালা উপড়ে পড়ে, নষ্ট হয় রাস্তাঘাটসহ অবকাঠামো।
এরপর সাত বছর হয়ে গেলেও বলেশ্বর নদের তীরে রায়েন্দা বাজার এলাকা এখনও অরক্ষিত।
সিডরের সময় জলোচ্ছ্বাসে এ বাজারের ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছিল। সিডরের পর ২০০৯ সালের আইলার পানিতেও বাজারটি আবার ভেসে যায়।
এ বাজারের কয়েক হাজার ব্যবসায়ী বাঁধ মেরামতের দাবি জানিয়ে এলেও প্রতিশ্রুতি ছাড়া আর কিছু পাননি।
অবশ্য পানি উন্নয়ন বোর্ড বলছে রায়েন্দা বাজারকে বাঁধের আওতায় আনতে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইতোমধ্যে জমি অধিগ্রহণও শুরু হয়েছে।
বাজারের উত্তর কদমতলা বাঁধের বাইরে বলেশ্বর নদের তীরের বাসিন্দা রহিমা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাঁধের বাইরে থাকি বলে পূর্বাভাস পেলেই আমাদের আতঙ্ক শুরু হয়ে যায়। মনে হয় আবার বুঝি নিঃস্ব হয়ে যাব।”
ভবিষ্যতে ক্ষতি ঠেকাতে দ্রুত বাঁধ সংস্কারের দাবি জানান বাজারের ব্যবসায়ী স্বপন কুমার নাগ এবং রায়েন্দা বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন, "বলেশ্বর নদের তীরে এ বাজারে ছোট বড় মিলিয়ে অন্তত আড়াই হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আবহাওয়া অফিস সিগন্যাল দিলে আমাদের দুশ্চিন্তার শেষ থাকে না। এই বুঝি আমাদের দোকানে পানি উঠে তলিয়ে গেল।"
দোকান মালিক সমিতির সভাপতি ও রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন অভিযোগ করেন, স্থানীয় ব্যবসায়ীদের দাবির মুখে পানি উন্নয়ন বোর্ড গত সাত বছরে কয়েকবার বাঁধ নির্মাণের জন্য জরিপ করেছে। কিন্তু আজও তা হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মইন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পানি উন্নয়ন বোর্ড রায়েন্দা বাজারকে বাঁধের আওতায় আনতে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নতুন প্রকল্প হাতে নিয়েছে। তারই অংশ হিসাবে ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে।"
