২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত, আহত ৩

সিলেটের শিবগঞ্জে একটি বাসার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ‘ডাকাতির চেষ্টার’ সময় চার জনকে পিটিয়েছে এলাকাবাসী, যাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 01:27 PM

Updated : 22 Aug 2022, 07:52 PM

শাহপরান থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার ভোরের দিকে সেনপাড়া এলাকায় সিলেট জজ কোর্টের আইনজীবী মহসিন চৌধুরীর বাসায় এই ডাকাতির চেষ্টা হয়।

নিহত ইকবাল (৩০) সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার যুগিরগাঁও গ্রামের বাসিন্দা ছিলেন।

আহত তিন জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এরা হলেন- সুনামগঞ্জের দোয়ারাবাজারের বল্লা গ্রামের মানিক মিয়া (৩০), ছাতকের বড়কাপন গ্রামের আকতার হোসেন তারেক (৩২) ও চাঁদপুর জেলার সায়াতি উপজেলার কুসুমপুরের সুমন মিয়া (২৭)।

মহসিনের বরাত দিয়ে ওসি সাখাওয়াত জানান, ভোরের দিকে ওই বাসার ক্লোজড সার্কিট ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে সন্দেহভাজন ডাকাতরা। এ সময় বাসার লোকজন টের পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়।

“এক পর্যায়ে এলাকার লোকজন দুর্বৃত্তদের ঘিরে ফেলে পিটুনি দিয়ে পুলিশে খবর দেয়।”

চারজনকে হাসপাতালে ভর্তি করার পর সকাল সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয় বলে জানান ওসি।