২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে মাসুম ওরফে সাজিদের ‘সহযোগী’ গ্রেপ্তার

পশ্চিমবঙ্গের বর্ধমানে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার শেখ রহমাতুল্লাহ সাজিদ ওরফে মাসুমের সহযোগী সন্দেহে নারায়ণগঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2014, 12:02 AM

Updated : 22 Aug 2022, 07:52 PM

বুধবার রাতে বন্দর উপজেলার ফরাজীকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত জাফর আহম্মেদ(২৮) ওই এলাকার আজিজুল হকের ছেলে। 

বৃহস্পতিবার বিকেলে তাকে নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম কেএম মহিউদ্দিনের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাফর ভারতে গ্রেপ্তার মাসুমের সঙ্গে কাজ করতো। জাফর মাসুমের সহযোগী ছিল।

“ধারণা করা হচ্ছে, জাফরের সঙ্গে মাসুমের যোগাযোগ রয়েছে। এ কারণে তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এদিকে মাসুমের বড় ভাই মনোয়ার ওরফে মনাকে গ্রেপ্তার করে রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে করে কিছু বের করতে পারেনি পুলিশ।

বন্দর থানার ওসি নজরুল ইসলাম বলেন, “রিমান্ডে এনে মাসুমের বড় ভাই মনোয়ার হোসেন মনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।”