জাবি শিক্ষকদের ‘পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা’ বাস্তবায়নের দাবি
নয়টি বিষয়ে বেশ কিছু সুপারিশসহ ‘পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা’ বাস্তবায়নে কার্যকর ভূমিকা নিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে বামপন্থি শিক্ষকদের সংগঠন ‘শিক্ষক মঞ্চ’।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কাঠামোগত উৎকর্ষ সাধন, শিক্ষাঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা ও শিক্ষকদের পেশাগত অধিকার প্রতিষ্ঠা সম্পর্কিত এসব দাবি উপস্থাপন করেন শিক্ষকেরা।
এসব বিষয়গুলো হলো- শিক্ষক নিয়োগ, বিশ্ববিদ্যালয়ের সম-অংশীদারিত্ব নিশ্চিতকরণ, শিক্ষা, শিক্ষার পরিবেশ, চাকুরিবিধি, পরিবেশ নীতিমালা, শিক্ষকদের পেশাগত সুযোগ সুবিধা, অবকাঠামো এবং বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক তৎপরতা।
বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ও মানবিকী অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন, নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদ ফেরদৌস, সহকরী অধ্যাপক মাহমুদুল হাসান সুমন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক হিমেল বরকত এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনিছা পারভীন জলি।
সংবাদ সম্মেলনে ওই নয়টি বিষয় ছাড়াও বেশকিছু দাবি ও সুপারিশ তুলে ধরেন শিক্ষকরা।
এর আগে সকালে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষকরা ‘পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের রূপরেখা’ সংক্রান্ত একটি বই উপাচার্যের হাতে তুলে দিয়ে তাদের দাবি সম্পর্কে তাকে অবহিত করেন।
সংবাদ সম্মেলনে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “ভুল প্রক্রিয়ায় একজন শিক্ষক নিয়োগ হলে পরবর্তী বহু প্রজন্মের শিক্ষার্থীদের উপর এর প্রভাব পড়বে। অযোগ্য এসব শিক্ষকদের দ্বারা অনেক ব্যাচের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়। তাই যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে শিক্ষক নিয়োগের নতুন নীতিমালা প্রণয়ন করতে হবে।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় চলে জনগণের টাকায়। সুতরাং জনগণের নিকট বিশ্ববিদ্যালয়ের এবং একইসাথে আমাদের দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা থেকেই আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিকট এই দাবিগুলো জানিয়েছি। আমরা এ দাবির কথা দেশের সর্বত্র পৌঁছে দিতে চাই।”
রায়হান রাইন বলেন,“আমরা একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অন্যান্য ব্যবস্থাপনার মানসম্মত পরিবেশ নিশ্চিত করার জন্য এসব দাবি উত্থাপন করেছি। শুধু জাহাঙ্গীরনগর নয়, যেকোন বিশ্ববিদ্যালয়ের জন্য এই দাবিগুলোর বাস্তবায়ন জরুরি।”
