খোকন রাজাকারের ফাঁসিতে গণজাগরণের আনন্দ মিছিল
যুদ্ধাপরাধী জাহিদ হোসেন খোকনের ফাঁসির রায়ে শাহবাগে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার বেলা ১২টা রায় ঘোষণার পর এই আনন্দ মিছিল করে ইমরান এইচ সরকারের নেতৃত্বাধীন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
মিছিলটি শাহবাগ জাদুঘরের সামনে শুরু হয়ে ঢাকা বিশবিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার শাহবাগে এসেই শেষ হয়।
এর আগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদেরকে বলেন, “রাজাকার খোকন নিজেই নিজেকে রাজাকার বলে পরিচয় দিতো। তার এই ফাঁসির রায় গণজাগরণ মঞ্চ এবং দেশের মানুষের প্রত্যাশিত ছিল।
“তাই হয়েছে, ফলে দেশের মানুষ দীর্ঘ প্রতীক্ষার পর রায়গুলো পেলেও একটু স্বস্তি বোধ করছে।”
গত ১৭ সেপ্টেম্বর একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির সাঈদীর আপিলের রায়ে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেয় সর্বোচ্চ আদালত।
তখন গণজাগরণ মঞ্চের সমন্বয়ক ইমরান এইচ সরকার বলেছিলেন, “জামায়াতে ইসলামীর সঙ্গে আঁতাত করে এই রায় দেয়া হয়েছে। এটা পরিকল্পিত, উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।”
এর আগে গত এপ্রিলে ‘সরকার যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ঝুলিয়ে রাখতে চায়’ বলে অভিযোগ করেছিলেন ইমরান।
খোকন রাজাকারের রায়ের পর আগের দেয়া ওই বক্তব্যের ব্যাপারে ইমরানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারে নির্বাচনের আগে সরকারের ইতিবাচক মনোভাব ছিলো। কিন্তু ২০১৪ সালের শুরু দিকে বিচার প্রক্রিয়া থেকে সরকার সরে যাচ্ছিল।
“ফলে জনমনে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। এখনও সরকারের যুদ্ধাপরাধীদের বিচারে আরো সোচ্চার হওয়া উচিত বলে আমরা মনে করি।”
