গণপরিবহনে এক তৃতীয়াংশ নারী আসনের দাবি
নারীদের জন্য গণপরিবহনে এক তৃতীয়াংশ আসন বরাদ্দের দাবিতে চট্টগ্রাম নগরীতে পথসমাবেশ করেছে কয়েকটি সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে নারী যোগাযোগ কেন্দ্র এ কর্মসূচির আয়োজন করে।
বাসের ইঞ্জিনের উপর থেকে নারী আসন সরানো, নারীর জন্য আলাদা বাস চালু করা, বাসে যৌন হয়রানি বন্ধ করা ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করার দাবিও জানিয়েছে সংগঠনটি।
পথসমাবেশে মেন্টাল হেলথ অ্যাডভোকেসি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শরীফ চৌহান বলেন, যাতায়াতে নারীর ভোগান্তি দীর্ঘদিন ধরে চললেও এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
“বিশেষ করে সন্ধ্যায় যে নারীরা বাসায় ফেরেন তাদের বিড়ম্বনার কোনো শেষ নেই। সভ্য সমাজে এ বিড়ম্বনা চলতে পারে না।”
প্রতিটি বাসে কমপক্ষে দশটি আসন বরাদ্দের দাবি জানান তিনি।
সমাবেশে নারী যোগাযোগ কেন্দ্র চট্টগ্রামের আহ্বায়ক নাদিরা সুলতানা হেলেন বলেন, সিটি করপোরেশন নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করলেও অদৃশ্য কারণে তা বন্ধ হয়ে গেছে।
নারীদের জন্য ওই বাস সার্ভিস আবার চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান তিনি।
হেলেন বলেন, প্রতিটি বাসে নারীদের জন্য এক তৃতীয়াংশ আসন সংরক্ষণ করতে হবে। পাশাপাশি গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
সমাবেশে সামাজিক সংগঠন ‘সূচনা’র সভাপতি শাহিন আক্তার বিউটি, ‘গৌরবে’র সভাপতি হাজেরা বেগম ও অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলাপমেন্টের সভাপতি দিলরুবা আক্তার বক্তব্য রাখেন।
এছাড়া সমাবেশে সংহতি জানায় সামাজিক সংগঠন অগ্রযাত্রা, কৈশোর মঞ্চ, ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল এ্যাকশন ও রাইট এ্যাকশন ফর ডিজএবিলিটি।
