২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিতে যুবক নিহত, আ. লীগ নেতার বন্দুক জব্দ

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে বহনকারী মোটরসাইকেলের চালক গুলিতে নিহত হয়েছেন। ওই সময় ওই আওয়ামী লীগ নেতার হাতে একটি বন্দুক ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 07:58 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

বৃহস্পতিবার বিকালে জিউধরা ইউনিয়নের পালেরখন্ড গ্রামে এই ঘটনায় নিহত হন স্থানীয় আব্দুর রশিদ সরদারের ছেলে মাসুম সরদার (২৭)।

এ ঘটনার পর পুলিশ জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সদস্য জাহাঙ্গীর আলম হাওলাদার ওরফে বাদশা মেম্বারের একটি বন্দুক জব্দ করেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জাহাঙ্গীর আলম তার সহযোগী মাসুদ সরদার বাদশাসহ একই মোটরসাইকেলে পার্শ্ববর্তী মংলা উপজেলা এলাকা থেকে জিউধরা ইউনিয়নের লক্ষ্মীখালী গ্রামে ফিরছিলেন।

জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকা তার ভাতিজা শিমুল হাওলাদার বলেন, তার চাচাকে হত্যার উদ্দেশ্যে ঘটনাস্থলে ওঁৎ পেতে তাকা সন্ত্রাসীরা গুলি করেছিল। কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চালক মাসুম নিহত হয়েছেন।

তার দাবি, গুলি বর্ষণকারীরা ছিল অন্তত তিনজন। ঘটনার পর তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।

এ সময় তার চাচা জাহাঙ্গীর আলম পলায়নরত ‘হত্যা চেষ্টাকারীদের’ লক্ষ্য করে অন্তত দুই রাউন্ড গুলি ছোড়েন বলেও তিনি জানান।

কিন্তু পুলিশ জাহাঙ্গীর আলমের বন্দুক থেকে গুলি বের হয়েছে বলে ধারণা করছে।

মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম খান ঘটনাস্থল থেকে সন্ধ্যা পৌনে ৭টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীর আলমের পক্ষ থেকে তাকে হত্যাচেষ্টার কথা বলা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

“তবে নিহতের শরীরে গুলির চিহ্ন ও পূর্বাপর পরিস্থিতি সম্পর্কে জেনে আমরা জাহাঙ্গীর আলমের বন্দুক থেকে অসাবধানতাবশতঃ গুলি হতে পারে বলেও সন্দেহ করছি।”

“বিষয়টি তদন্ত করা হচ্ছে। জাহাঙ্গীরের একটি বৈধ দোনলা বন্দুক রাসায়নিক পরীক্ষার জন্য জব্দ করা হয়েছে। আগ্নেয়াস্ত্রটি পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।”

এ ব্যাপারে জাহাঙ্গীর আলমের মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।