২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণ উদ্যোক্তাদের সমস্যা নিরসনের আহ্বান জেসিআই’র

‘ভিশন-২০২১’ বাস্তবায়নে তরুণ উদ্যোক্তাদের সমস্যা নিরসনে সরকারকে আহ্বান জানিয়েছে চট্টগ্রামের তরুণ ব্যবসায়ীদের সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 07:57 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বৃহস্পতিবার দৈনিক কালের কণ্ঠ ও জেসিআই আয়োজিত ‘তরুণ উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণে সরকারকে এগিয়ে আসতে হবে’ শীর্ষক এক গোল টেবিল বৈঠকে এই আহ্বান জানান তারা।

বৈঠকে তরুণ উদ্যোক্তারা আলাদা তরুণ উদ্যোক্তা পল্লী নির্মাণ, ঋণ সহায়তা ও রপ্তানি প্রক্রিয়া সহজ করাসহ বেশ কিছু দাবি উত্থাপন করেন।

গোলটেবিল বৈঠকের বিশেষ অতিথি কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন বলেন, “এদেশে দুর্বৃত্তরা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তসরুপ করে। অথচ তরুণ উদ্যোক্তারা ঋণ চাইতে গেলে হাজার বিড়ম্বনা পোহাতে হয়। এ অবস্থার নিরসন হওয়া উচিত।”

তরুণদের অফুরান সম্ভাবনার উপর আলোকপাত করে মিলন বলেন, “দেশে-সমাজে এমনকি ব্যক্তিজীবনে ইতিবাচক পরিবর্তন আনতে হলে এ তরুণদের কোন বিকল্প নেই।

“তরুণ উদ্যোক্তাদের ধারণায় যে নতুনত্ব সেটার বাস্তবায়নের মধ্যেই সমৃদ্ধ বাংলাদেশের সম্ভাবনা নিহিত।”

গোলটেবিল বৈঠকে জেসিআই চট্টগ্রামের সভাপতি রাইসুল উদ্দিন সৈকত বলেন, “বিশ্বের বিভিন্ন দেশে তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের নিজস্ব পরিকল্পনা থাকে। এখানে উদ্যোক্তা হতে গেলেই প্রতি পদে পদে বাধা-বিপত্তি মোকাবেলা করতে হয়।

“সরকারের ভিশন-২০২১ বাস্তবায়ন করতে হলে তরুণ উদ্যাক্তাদের সমস্যা নিরসন করতে হবে।”

গোলটেবিলে উপস্থিত ছিলেন, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো চিফ ফারুক ইকবাল, জেসিআই চট্টগামের সাধারণ সম্পাদক প্রকৌশলী মাসফিক আহমেদ রাশেদ, বড়তাকিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ মোর্শেদ এলিট, জেসিআই’র সহ-সভাপতি জমিস উদ্দিন, জেসিআই কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, স্বস্তিকা বুটিকসের পরিচালক মনিকা ভট্টাচার্য।