২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আটক ৫ জেএমবি: তদন্ত র‌্যাবে

সিরাজগঞ্জে গ্রেপ্তার পাঁচ জেএমবি সদস্যের মামলার তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 06:35 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

পুরনো খবর:

জেএমবির সমন্বয়কসহ ৫ জঙ্গি কারাগারে

বুধবার মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছেন বলে জানান মামলার তদন্ত কর্মকর্তা সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শ (এসআই) হায়দার আলী।

গত ৩১ অক্টোবর ভোরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী ধুমকেতু ট্রেন থেকে র‌্যাব জেএমবির প্রধান সমন্বয়ক আব্দুর নুরসহ এ পাঁচ জঙ্গিকে আটক করে।

ওই রাতেই গ্রেপ্তার পাঁচ জঙ্গির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে।

এসআই হায়দার আলী জানান, “মামলা ২টির তদন্তভার র‌্যাবের কাছে হস্তান্তরের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠি হাতে পেয়েছি। সে অনুযায়ী তদন্তভার হস্তান্তরের প্রক্রিয়া চলছে।” 

এর আগে দুই মামলায় তিন দিন করে ছয় দিনের জিজ্ঞাসাবাদ (রিমান্ড) শেষে বুধবার আসামিদের সিরাজগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম রুবিনা পারভীনের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।

হায়দার আলী আরও জানান, রিমান্ডে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিলেও আদালতে জবানবন্দি দিতে রাজি হননি। তাদের দেওয়া তথ্য যাচাই-বাচাই চলছে।

আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবনগর জাইগীর গ্রামের আব্দুর নূর (৩১), এহসার সদস্য ঠাকুরগাঁও সদরের গোবিন্দনগর মুন্সীর হাট গ্রামের নুরুজ্জামান আরিফ (২৩), দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৩নং শত গ্রামের নুর ইসলাম ওরফে সাগর (১৮), জেএমবির গায়েরে এহসার সদস্য চাঁপাইনবাবগঞ্জ সদরের বারোরশিয়া গ্রামের আবুল কালাম আজাদ (২৭) এবং পাবনা সদরের নাজিরপুর গ্রামের ফারুক আহম্মেদ (৩২)।

তাদের কাছ থেকে ৪৯টি ডেটোনেটর, ৪৫টি টাইম সার্কিট, ১০ কেজি পাওয়ার জেল, এক বোতল মধু, ১৫৫টি সার্কিট, বোমা তৈরির সরঞ্জাম ও বিপুল পরিমাণ জেহাদি বই উদ্ধার করা হয়।

ওই ঘটনায় ওই রাতেই (৩১ অক্টোবর) র‌্যাব-১২ এর অপরাধ দমন বিশেষ শাখার উপসহকারী পরিচালক (ডিএডি) রেজাউল করিম দুটি মামলা করেন।