২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদ অধিবেশন শুরু, চলবে এই মাস

দশম সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে, যা চলবে চলতি নভেম্বরের শেষ দিন পর্যন্ত।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 05:28 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

দুই মাস বিরতির পর বৃহস্পতিবার বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদও উপস্থিত ছিলেন।

অধিবেশনের শুরুতে মনোনীত সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেন স্পিকার। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা অধিবেশন পরিচালনা করবেন।

এই অধিবেশনে সভাপতিমণ্ডলীতেদ থাকছেন- হাবিবুর রহমান মোল্লা, আফসারুল আমিন, মাহমুদুস সামাদ চৌধুরী, নুরুল ইসলাম মিলন ও বেগম আখতার জাহান।

সংসদ বসার আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশনের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়।  

সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই অধিবেশনে মোট কার্যদিবস হবে ১২।

স্পিকারের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সংসদ নেতা শেখ হাসিনাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংসদের এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।

সংক্ষিপ্ত মেয়াদের চতুর্থ অধিবেশনের জন্য এ পর্যন্ত ১০টি বিল জমা পড়েছে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানান।

গত ১৮ সেপ্টেম্বর শেষ হয় এই সংসদের তৃতীয় অধিবেশন।ওই অধিবেশনে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিয়ে সংবিধানের ষোড়শ সংশোধনী পাস হয়।