২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জিল্লুর রহমানকে জাহাঙ্গীরনগরে শেষ শ্রদ্ধা

প্রয়াত উপাচার্য জিল্লুর রহমান সিদ্দিকীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন তার কর্মস্থল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 04:30 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

বৃহস্পতিবার সকালে তার মরদেহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনা হয়।

শিক্ষা ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা পুরস্কারে ভূষিত জিল্লুর রহমান সিদ্দিকী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। ১৯৯০-৯১ সালে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে তার লাশ জাহাঙ্গীরনগরে নেয়া হয়। এরপর সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য উপাচার্যের বাসভবনের সামনের মাঠে তার কফিন রাখা হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম, সহ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা সাবেক এই উপাচার্যকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস), জাহাঙ্গীরনগর থিয়েটার, জাবি অফিসার সমিতি, প্রভোস্ট কমিটি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়ন, ইংরেজি বিভাগ ও বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ কর্তৃপক্ষও তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

এ সময় শিক্ষাবিদ জিল্লুর রহমানের ছেলে শাকিল আক্তার, বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক  শরীফ এনামুল কবীর, অধ্যাপক আনু মুহাম্মদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যক্তিগতভাবে অসংখ্য ভক্ত-অনুরাগী অধ্যাপক জিল্লুর রহমানকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পাশাপাশি শোক বইয়ে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যসহ বিভিন্ন স্থান থেকে আগতরা।

শ্রদ্ধা জানানো শেষে সকাল ৯টায় উপাচার্যের বাসভবনের সামনের মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পরিচালনা করেন মীর মশাররফ হোসেন হল মসজিদের ঈমাম হাফেজ মাওলানা আবু সাঈদ।

জানাজার আগে জিল্লুর রহমানের ছেলে শাকিল আক্তার বলেন, “তিনি আপাদমস্তক একজন শিক্ষক ছিলেন। জাহাঙ্গীরনগরকে তিনি অনেক ভালোবাসতেন। আজকে যারা এখানে এসেছেন, আপনাদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

জানাজা শেষে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক জিল্লুরের মরদেহ নেওয়া হয়।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঢাকার বনানীতে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য।

বুধবার তার প্রতি শ্রদ্ধা নিবেদন এবং শোক পালনে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সকাল ১০টা থেকে সব অফিস ও ক্লাস ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।