২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনার মামলায় বন্দি জান্নাতিকে আইনি সুরক্ষা দেওয়ার দাবি

রাজধানীতে একটি দুর্ঘটনার মামলায় কারাবন্দি জান্নাতি হোসেনকে আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানিয়েছেন খুশি কবিরসহ একদল শিক্ষক, আইনজীবী, শিল্পী ও মানবাধিকারকর্মী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 02:15 AM

Updated : 22 Aug 2022, 07:52 PM

‘অনৈতিক’ প্রভাব খাটিয়ে এই নারীকে আটকে রাখা হয়েছে অভিযোগ করে বুধবার এক বিবৃতিতে তারা এই আহ্বান জানান।

গত ১১ মে রাজধানীর শাহীন স্কুলের সামনে দুর্ঘটনাকবলিত একটি গাড়িতে সরকারি এক কর্মকর্তার ছেলে মোস্তামসির আশরাফ শুভ্রের (২৭) সঙ্গে ছিলেন তারই বন্ধু জান্নাতি (২৩) ।

শুভ্রের গাড়িটি ওই সময় জান্নাতি চালাচ্ছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারালে গাড়ির সঙ্গে আরেকটি গাড়ির ধাক্বা লাগে, যাতে শুভ্র নিহত হন। তারপর থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন জান্নাতি।

শুভ্রর বাবা সাবেক জজ খান মোহাম্মদ আব্দুল মান্নান বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের ‘ইন্সপেক্টার জেনারেল অফ রেজিস্ট্রেশন’।

তিনি প্রভাব খাটিয়ে জান্নাতিকে আটকে রেখেছেন বলে বিবৃতিদাতারা দাবি করেন। তারা শুভ্রের মৃত্যুতেও দুঃখ প্রকাশ করেন।

“পুলিশ দিয়ে জান্নাতিকে রিমান্ডে আনা হয়েছে। তিনি বিচার বিভাগকে এভাবে প্রভাবিত করার পাশাপাশি সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে মামলার সাক্ষী করে রাষ্ট্রীয় পদমর্যাদাকে কলঙ্কিত করেছেন,” বলা হয় বিবৃতিতে।  

বিবৃতিদাতারা বলেন, ভয়ে জান্নাতির পরিবার এখন ঘর ছাড়া। জান্নাতিকেও আইনি সুবিধা পাওয়া থেকেও বঞ্চিত করা হচ্ছে।

এ বিষয়ে সরকারের হস্তক্ষেপ চেয়ে বিবৃতিতে বলা হয়, “সবার মতো যেন জান্নাতিও আইনি সুরক্ষা পান।” 

বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, গীতি আরা নাসরিন, সামিমা লুৎফা, বাংলাদেশ ফেডারেশন অফ উইমেন অন্ট্রাপ্রিনিয়ার্স রোকেয়া আফজাল রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরিন খন্দকার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শ্যামলী শীল, রাজীব মীর, সঙ্গীত শিল্পী কৃষ্ণকলি প্রমুখ।