২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোজাফফরকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

টেলিভিশনে ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলায় আহলে হাদিসের সাবেক সভাপতি মোজাফফর বিন মহসিনকে দ্বিতীয় দফা রিমান্ডের আবেদন নাকচ করে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমোদন দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2014, 01:03 AM

Updated : 22 Aug 2022, 07:52 PM

পুলিশ হেফাজতে দুই দিনের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার আদালতে হাজির করে মোজাফফরকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও পাঁচ দিনের রিমান্ডে চান তদন্ত কর্মকর্তা ।

মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূইয়া সেই আবেদনের শুনানিতে রিমান্ডের বিষয়টি নাকচ করে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে আদালত পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা উপ-পরিদর্শক হুমায়ুন কবীর সাংবাদিকদের জানিয়েছেন।

ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুকী আহলে সুন্নাত ওয়াল জামাতেরও কেন্দ্রীয় নেতা ছিলেন। আর এই সংগঠনটির সঙ্গে আহলে হাদিসের মতাদর্শগত ‘চরম দ্বন্দ্ব’ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আদালতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, মহসিনের নির্দেশে তার সহযোগীরাই ফারুকীকে হত্যা করেছে। 

ফারুকী হত্যাকাণ্ডের কয়েকদিন আগে ফেইসবুকে তার বিরুদ্ধে প্রচার চালানোর অভিযোগে শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মহসিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।

নুরুল ইসলাম ফারুকীকে গত ২৭ অগাস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের বাসায় গলা কেটে হত্যা করা হয়। তার পরিবারের দাবি, সুন্নিবাদী এই নেতাকে হত্যার পেছনে কোনও উগ্রপন্থি সংগঠন জড়িত।

হত্যার রাতেই ফারুকীর ছেলে ফয়সাল ফারুকী অজ্ঞাতপরিচয়ের আসামিদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করেন। পরে ইসলামী ফ্রন্টের অনুসারী ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার আরেকটি মামলা করেন। আদালতের নির্দেশে দুটি মামলার তদন্তই একসঙ্গে করছে পুলিশ।