২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে  দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক  ছাত্রলীগ নেতা আহত হয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 08:10 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জুবেরি মাঠে এ হামলায় আহত আব্দুল্লাহ আল মামুন শিমুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শিমুল ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার উপ দপ্তর সম্পাদক এবং ইসলাম শিক্ষা বিভাগে স্নাতকোত্তরের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ফারহানা আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে শিমুল বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাজলা এলাকা থেকে জুবেরি মাঠ দিয়ে ক্যাম্পাসে ফিরছিলেন।

এ সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে মারধর করে ও ডান পায়ের হাঁটুর নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তার চিৎকার শুনে আশপাশে থাকা শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার নিয়ে যায়।  পরে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ব্যাপারে রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান বিডিনিউজকে বলেন, “আমি বিষয়টি শুনেছি, তবে এখনও বিস্তারিত কিছু জানি না।"

মতিহার থানার ওসি আলমগীর হোসেন বলেন, নির্জন এলাকা হওয়ায় দুর্বৃত্তরা তাকে একা পেয়ে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। কে বা কারা হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি।