‘জঙ্গি সংশ্লিষ্ট’ বিচারকের জামিন বাতিলে আবেদন
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর সংশ্লিষ্টতার মামলায় ফেনীর সাবেক সহকারী জজ শেখ ওমর শরীফ আল মারুফ রাসেলের জামিন বাতিল চেয়ে আদালতে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে এ আবেদন করেন চট্টগ্রাম মহানগর রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফখরুদ্দিন চৌধুরী।
দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান ওমর শরীফ, যাকে হিযবুত তাহরীরের চট্টগ্রাম অঞ্চলের অন্যতম প্রধান সংগঠক বলে দাবি করছে পুলিশ।
পরদিন একই আদালত তাকে দুই আইনজীবীর জিম্মায় ১০ লাখ টাকা মুচলেকায় শর্ত সাপেক্ষে এক সপ্তাহের জন্য জামিন দেন।
পাশাপাশি আদালত যাতে তার জামিননামা গ্রহণ না করে সে বিষয়েও আবেদন করা হয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
জামিন বাতিলের আবেদনের কারণ সম্পর্কে তিনি বলেন, “তিনি (শেখ ওমর শরীফ) একটি নিষিদ্ধ জঙ্গি সংগঠনের বিভাগীয় সমন্বয়ক ছিলেন। চার বছর পলাতক থাকার পর তিনি আদালতে আত্মসমর্পণ করেছেন।
“এদিকে বাংলাদেশ ও ভারতে এখন জঙ্গিরা সক্রিয় হয়ে উঠেছে। এসময় তিনি জামিন পেলে জঙ্গি কার্যক্রম উৎসাহিত হতে পারে তাই জামিন আদেশ বাতিল চেয়েছি।”
শেখ ওমর শরীফের আইনজীবী মাসুদুল হক বলেন, “সোমবারই আমরা জামিননামা জমা দিয়েছিলাম। তবে তাতে বিচারক স্বাক্ষর করেননি। এর মধ্যে রাষ্ট্রপক্ষ জামিন বাতিলের আবেদন করল।”
২০১০ সালের ১৬ মে নগরীর দক্ষিণ খুলশীর জাকির হোসেন সোসাইটির ১০ নম্বর সড়কের আবুল কাসেমের মালিকানাধীন ভবনের ষষ্ঠতলার একটি বাসা থেকে হিযবুত তাহরীর বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী লিফলেট, পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
আবুল কাসেমের মালিকানাধীন ওই বাসায় থাকতেন ওমর শরীফ। ওই বাসা থেকে হিযবুত তাহরীরকে নিয়ে লেখা তার বই ‘এটাই আমার পথ’সহ বিভিন্ন ধরনের উস্কানিমূলক বই, পোস্টার, লিফলেট উদ্ধার করে পুলিশ।
তখন পুলিশ বলেছিল, ওমর শরীফ চট্টগ্রামের হিযবুত তাহরিরের ‘অন্যতম সংগঠক’ এবং এ ঘটনায় পুলিশ তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে।
