২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজার আরেক শ্রমিকের মৃত্যু

না ফেরার দেশে চলে গেলেন রানা প্লাজার আরেক শ্রমিক।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 06:31 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

দীর্ঘ ১৯ মাস লড়াই করে মঙ্গলবার রাতে মৃত্যুর কাছে হার মানলেন কহিনুর ইসলাম কাজল (৪৫)। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তার মৃত্যু হয়।

কহিনুর ঢাকার ধামরাইয়ের শরীফবাগের সিরাজুল ইসলামের ছেলে। রানা প্লাজার চতুর্থ তলায় ‘ইথারটেক্স গার্মেন্টেস’এ ফিনিশিং শাখার সুপারভাইজার ছিলেন তিনি।

স্ত্রী সন্তান নিয়ে সাভারের ফুলবাড়িয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন কহিনুর।

ভবন ধসের একদিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় তাকে। তিনি মাথা, বুক, চোয়াল, ডান হাত, কোমর ও বাম পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছিলেন।

গত বছরের ২৪ এপ্রিল সাভারের নয় তলা রানা প্লাজা ধসে পড়লে এর নিচে চাপা পড়ে ওই ভবনে থাকা পাঁচটি কারখানার বহু শ্রমিক।

মোট ১১১৫টি লাশ উদ্ধারের পর ওই বছরের ১৩ মে উদ্ধার অভিযান শেষ করে সেনাবাহিনী। জীবিত অবস্থায় ২৪৩৮ জনকে উদ্ধার করা হয়, যার মধ্যে ১২ জন হাসপাতালে মারা যান।

কহিনুরের স্ত্রী সালেহা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবন ধসের একদিন পর উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিছুদিন চিকিৎসার পর তাকে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুর্নবাসন কেন্দ্রে (সিআরপি) ভর্তি করা হয়।

“সেখানেও দীর্ঘ দিন চিকিৎসা নেওয়ার পর তার অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।”

রাতেই মৃতদেহ গ্রামের বাড়ি শরিফবাগে নিয়ে যাওয়া হয়। বুধবার সকালে শরীফবাগ জামে মসজিদ মাঠে তার জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানান তিনি।

সালেহা আরও বলেন, “স্বামীর চিকিৎসার জন্য সরকারিভাবে মাত্র ১০ হাজার টাকা, ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা ও বিভিন্ন ব্যক্তির দেয়া ৪৫ হাজারসহ মোট ৬০ হাজার টাকা সহায়তা পেয়েছিলাম। এছাড়া আর কোনো সাহায্য সহযোগিতা পাইনি।”

প্রতি মাসে কহিনুরের ওষুধে কিনতে ব্যয় হতো তিন থেকে চার হাজার টাকা, জানান তিনি।

তিনি বলেন, রানা প্লাজার মৃত্যুকূপ থেকে প্রাণে বেঁচে ফিরলেও রাতে ঘুমের মধ্যে বুকের ব্যথায় হাউ মাউ করে কেঁদে উঠতেন তিনি। উন্নত চিকিৎসা পেলে হয়ত বেঁচে থাকতেন তার স্বামী।

কহিনুরের বড় ভাই পোশাক শ্রমিক সুরুজ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে ভাই অকালে মারা গেছেন তিনি। যথাযথ চিকিৎসা পেলে তার মুত্যু হতো না।

অভাবের সংসারে ভাইয়ের উন্নত চিকিৎসা করানো পরিবারের পক্ষে দুঃসাধ্য ছিল বলে তিনি জানান।

দুই মেয়ে ও এক ছেলে রয়েছে কহিনুরের। বড় মেয়ে রিয়া আফাজ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণি, ছোট মেয়ে মিম শরীফবাগ প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষার্থী (পিইসি), আর ছোট ছেলের বয়স আড়াই বছর।