বাগেরহাটে বাসের ধাক্কায় নিহত ২
বাগেরহাটের মোরেলগঞ্জে বাসের ধাক্কায় ভ্যান চালকসহ দুইজন নিহত ও বাসের অন্তত নয় যাত্রী আহত হন।
বুধবার দুপুরে উপজেলার দাসখালী দারুল উলুম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাক্ষণিকভাবে জানা যায়নি।
আহতদের মধ্যে চারজনকে খুলনা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের পাঠানো হয় পিরোজপুর জেনারেল হাসপাতালে।
মহিষপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান জানান, বাগেরহাট থেকে পিরোজপুরের দিকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের চাকার হাওয়া চলে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দেয়। এরপর বাসটি রাস্তার পাশে গাছে ধাক্কা দেয়।
এতে ওই ভ্যানের চালক ও যাত্রী রাস্তার উপর পড়ে যায় এবং গাছের সঙ্গে ধাক্কা লাগার পর বাসের অন্তত নয় যাত্রী আহত হন।
অজ্ঞাত পরিচয় ভ্যানযাত্রী মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান এবং আহত ভ্যান চালককে পিরোজপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ননী গোপাল রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় আহত মোট দশজনকে হাসপাতালে নিয়ে আসা হয়।
এরমধ্যে অজ্ঞাত পরিচয় ৪৫ বছর বয়সী একজনকে মৃত অবস্থায় নিয়ে আসে। হাসপাতালে নয়জনকে ভর্তি করার পর চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
