ঐশীর মামলা দ্রুত বিচারে
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগম হত্যা মামলা দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে তিন নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়েছে।
দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে ১৩৫ কার্যদিবসের মধ্যে যে কোনো মামলার বিচার শেষ করার বিধান রয়েছে।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর ও স্বপ্নার মেয়ে ঐশী রহমান, তার দুই বন্ধু আসাদুজ্জামান জনি, মিজানুর রহমান রনি এবং ঐশীদের গৃহকর্মী খাদিজা আক্তার সুমি এ মামলার আসামি। দুই বন্ধুসহ ঐশী কারাগারে থাকলেও জামিনে আছে শিশু সুমি।
গত ২১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখার উপসচিব মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের সুপারিশ করা হয় বলে ঐশীর আইনজীবী মাহবুব হাসান রানা জানিয়েছেন।
মহানগর দায়রা জজ আদালতে গত ৬ মে এ মামলার বিচার কাজ শুরু হওয়ার পর এ পর্যন্ত রাষ্ট্রপক্ষে ৫৭ সাক্ষীর মধ্যে ১৯ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।
আগামী বছরের ১৫ জানুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন রয়েছে।তবে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাওয়ায় শুনানির নতুন তারিখ পড়বে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
ফাইল ছবি
ঐশী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
গত ৯ মার্চ গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুয়াল খায়ের মাতুব্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে ঐশীসহ চার জনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযোগপত্র আদালতে দাখিল করেন।
তবে মামলার সাক্ষ্য গ্রহণের সময় ত্রুটিপূর্ণ অভিযোগপত্র দেওয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ও মামলার তদন্ত কর্মকর্তাকে বিচারকের ভর্ৎসনার পর সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়।
নতুন অভিযোগপত্রে ঐশীসহ আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহণকারী হাকিমদের রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয়।
মামলার আসামিদের মধ্যে গৃহকর্মী সুমি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তার বিচার চলছে শিশু আদালতে। গত ২০ মে সুমির বিরুদ্ধে অভিযোগ গঠন করে তাকে জামিন দেন মহানগর দায়রা জজের শিশু আদালতের বিচারক জাকিয়া পারভিন।
গত ১ জুন গাজীপুরের কিশোর সংশোধন কেন্দ্র থেকে মা সালমা বেগমের জিম্মায় মুক্তি পায় সে।
