২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার শিশু ইমনকে হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 04:14 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

নারায়ণগঞ্জের দুই নম্বর অতিরিক্ত দায়রা জজ মিয়াজী সহিদুল আলম চৌধুরী বুধবার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী ওরফে বাবু (২৫) হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার পর জামিন নিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কেএম ফজলুর রহমান।

তিনি বলেন, বিচারক একইসঙ্গে মামলার আরও একটি ধারায় (২০১ ধারা) বাবুকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।

মামলার নথি থেকে এ আইনজীবী জানান, ২০০৭ সালের ১২ ডিসেম্বর শহরের দেওভোগ এলাকার ইসমাইল হোসেনের আট বছরের ছেলে ইমন বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরদিন বিকালে স্থানীয় মুসলিম নগর কসাই বাড়ির মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহত ইমনের মা খাদিজা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর আসামি বাবু হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন।

জবানবন্দিতে বাবু জানান, সুমনা নামের এক মেয়ের সঙ্গে ইমনের বড় ভাই সুমনের প্রেমের সর্ম্পক ছিল। ওই মেয়েকে বাবুও পছন্দ করতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের জের ধরে প্রতিশোধ নিতে ইমনকে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি।

এ মামলায় রাষ্ট্রপক্ষে ১০ জন সাক্ষ্য দেন।