২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থপতি মাইনুলকে শেষ শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 03:48 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

বুধবার বেলা সোয়া ১১টার দিকে স্মৃতিসৌধের রূপকারের মরদেহ শহীদ মিনারে নেওয়া হয়।

প্রয়াতের সহকর্মী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মাইনুল হোসেনকে শ্রদ্ধা জানানো হয়। ব্যক্তিগতভাবেও শ্রদ্ধা নিবেদন করেন অনেকে।

স্থপতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  আ আ ম স  আরেফিন সিদ্দিক বলেন,  “তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। কিন্তু তার যে কীর্তি স্মৃতিসৌধ সেটাই অনাগত ভবিষ্যতে আমাদের মাঝে তাকে জীবিত রাখবে।

“পৃথিবীর অনেক বড় বড় শিল্পীর মতো তিনিও নিভৃতচারী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার পরিবারের প্রতি আমরা সম্মান ও শ্রদ্ধা জানাই।”

নিজের সৃষ্টি কর্মের মধ্য দিয়ে মাইনুল হোসেন ১৬ কোটি বাঙালির হৃদয়ে ‘বেঁচে’ থাকবেন বলে মন্তব্য করেন এই অধ্যাপক।

সহকর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে শিল্পী মুস্তফা মনোয়ার বলেন, “সারা বাংলাদেশের জন্য তিনি অত্যন্ত বড় একজন মানুষ ছিলেন। স্মৃতিসৌধ শুধু একটি নির্মাণ নয়, এটি একটি শৈল্পিক পূর্ণতার দৃষ্টান্ত। সারা পৃথিবীতে প্রতিটি মুক্তিকামী মানুষের লড়াইয়ের কথা বলছে এটি, প্রতিটি শহীদের কথা বলছে।

“স্মৃতিসৌধের দিকে তাকালে গর্বে আমাদের মাথা উন্নত হয়। বিদেশি অতিথিরাও বাংলাদেশে এসে প্রথমে যে স্থাপনা দেখেন সেটি হল স্মৃতিসৌধ।”

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেক বলেন, “আমাদের স্বাধীনতার প্রতীক, যার মাধ্যমে স্বাধীনতাকে ধারণ করা হয়েছে তার স্থপতি তিনি। তিনি রাষ্ট্রীয় সম্মান পাওয়ার অধিকার রাখেন। তাকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো উচিত ছিল।”

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে প্রায় এক ঘণ্টা মরদেহ রাখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রয়াতের জানাযা হয়।

এর আগে সকালে মাইনুলের মরদেহ নেওয়া হয় তার শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েটের) স্থাপত্যবিদ্যা বিভাগে। সেখানে শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়  গত সোমবার মারা যান মাইনুল হোসেন। তার বয়স হয়েছিল ৬২ বছর।

দুপুরে জানাযা শেষে দাফনের জন্য মরদেহ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে নেওয়া হয়েছে বলে প্রয়াতের মেয়ে সৈয়্যদা তানজিনা হোসেন অমৃতা জানিয়েছেন।

স্থপতি মাইনুলের বোন ফরিদা মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শৈশব থেকেই তার ছোটভাই ছবি আঁকতেন। খুবই চমৎকার চরিত্রের মানুষ ছিলেন তিনি।

এই স্থপতির শিল্পকর্ম ও জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান ফরিদা মজিদ।

“আমরা সরকারের প্রতি আহ্বান জানাই-তার জীবনী ও শিল্পকর্ম যেন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়,” বলেন তিনি।

মাইনুল হোসেনের জন্ম ১৯৫২ সালে, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে। ১৯৭০ সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যবিদ্যা বিভাগে ভর্তি হন। ওই বিভাগে অধ্যয়নকালেই ১৯৭১ সালে নয় মাসব্যাপী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়। স্বাধীন দেশে ১৯৭৬ সালে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি পান মাইনুল হোসেন।

১৯৭৮ সালে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি সংরক্ষণে সরকার সাভারে জাতীয় স্মৃতিসৌধ নির্মাণের জন্য নকশা আহ্বান করলে এতে অংশ নেন সৈয়দ মাইনুল হোসেন। ৫৭টি নকশার মধ্যে বাঙালির স্মৃতির মিনারের জন্য নির্বাচিত হয় ২৬ বছরের তরুণ মাইনুলের পরিকল্পনা।

তার নকশা অনুযায়ী স্মৃতিসৌধের বেদীমূল থেকে উঠে দাঁড়িয়েছে সাতটি ত্রিকোণ কলাম, যার মধ্যে সবচেয়ে বড়টি ১৫০ ফুট উঁচু। এই সাতটি কলামে বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাতটি পর্যায় সূচিত হয়েছে। আকার আকৃতিতে ভিন্নতা থাকায় একেক দিক থেকে স্মৃতিসৌধকে দেখায় একেক রকম।

১৯৭৬ সাল থেকে ২২ বছরের কর্মজীবনে সৈয়দ মাইনুল হোসেন বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার নকশার কাজে সম্পৃক্ত ছিলেন। এর মধ্যে ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (১৯৭৭), বাংলাদেশ বার কাউন্সিল ভবন (১৯৭৮), চট্টগ্রাম ইপিজেড কার্যালয় (১৯৮০), জাতীয় যাদুঘর (১৯৮২) ও উত্তরা মডেল টাউন (১৯৮৫) এর নকশাও রয়েছে।

এসব কাজের স্বীকৃতি হিসাবে ১৯৮৮ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন তিনি।