২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদণ্ড

সিলেটে একটি হত্যা মামলায় এক জনের মৃত্যুদণ্ড ও তার দুই সহযোগীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 03:29 PM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বুধবার সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডে দণ্ডিত শফিকুর রহমান শফিক (৩২) ঢাকার হাজারীবাগের ২৮,  গণকটুলি লেনের হাজী রহমত উল্লার ছেলে।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন ঢাকার ললিতমোহন দাস লেনের প্রয়াত আজমল হোসেনের ছেলে সুমন প্রকাশ ওরফে মামা সুমন (৩০) ও একই এলাকার প্রয়াত শরীফ মিয়ার ছেলে খোকন (৩০)।

একই সঙ্গে এই তিন জনকে ১০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে।

বাদীপক্ষের আইনজীবী ও জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি শামসুল ইসলাম জানান, ২০১০ সালের ২৯ নভেম্বর নগরীর ধোপাদিঘীর পাড়ের হোটেল অনুরাগের এমডি আতিকুর রহমানকে হোটেল কক্ষের ভেতর শফিক, সুমন ও খোকন হাত পা বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

এ ঘটনায় আতিকের বাবা হোটেলের চেয়ারম্যান মো. খুরশেদ আলী পরদিন সিলেট কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

২০১১ সালের ১৮ জুন তিন জনের নামে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

মহানগর দায়রা জজ আদালতের পিপি মফুর আলী জানান, ঘটনা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় শফিককে ফাঁসি আর খোকন ও সুমনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডিত সুমন জেলা হাজতে রয়েছেন, শফিক ও খোকন পলাতক।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি মফুর আলী, অতিরিক্ত পিপি শামসুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল মওদুদ কয়সর, মাহফুজুর রহমান, মশরুর চৌধুরী শওকত ও ড. ফৌজিয়া সুলতানা।

আসামিপক্ষে আইনজীবী ছিলেন জোসনা ইসলাম।