২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নৌমন্ত্রী, সচিব, গাজীপুর মেয়রকে ‘অবমাননার’ নোটিস

‘আদালত অবমাননার’ অভিযোগে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ও সচিব সৈয়দ মনজুরুল ইসলামকে উকিল নোটিস দিয়েছেন আইনজীবী মনজিল মোরসেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2014, 02:08 PM

Updated : 25 Apr 2022, 04:57 PM

বুধবার ফ্যাক্সে এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. হাফিজুর রহমানকে ডাকযোগে এই নোটিস পাঠানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তিনি।

গাজীপুরের মেয়র এমএ মান্নানকেও আলাদাভাবে নোটিস দিয়েছেন এই আইনজীবী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৯ সালে ঢাকার চারপাশের চার নদী রক্ষায় হাই কোর্ট যে রায় দিয়েছিল, সেই রায় বাস্তবায়নে বাধা দেওয়ার অভিযোগে এই নোটিস দেওয়া হয়েছে।

“এ বিষয়টি হাই কোর্ট ও আপিল বিভাগের রায়ের মাধ্যমে নিষ্পত্তি হয়ে গেছে। অসৎ উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের সেই রায়কে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সিএস, আরএস বা বিএস দিয়ে নতুন সার্ভে করার উদ্যোগে নদী রক্ষার রায় বাধাগ্রস্ত হবে, যা আদালত অবমাননার শামিল।”

নোটিসে বলা হয়, তুরাগপাড়ের জমি থেকে উচ্ছেদ ঠেকাতে হাই কোর্টে আসা আমিন ও মোমিন কোম্পানি নামে আবাসন খাতের একটি  প্রতিষ্ঠান  নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার আদালতে জমা দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর যেসব স্থানে পিলার স্থাপনে আপত্তি এসেছে সেসব স্থানে পিলার স্থাপনে সিএস, আরএস, বিএস জরিপের মধ্যে কোনটি মানা হবে সে বিষয়ে হাই কোর্টের নির্দেশনা নিতে হবে।

এছাড়া গাজীপুরের  মেয়র এমএ মান্নান ও বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সাইফুল ইসলামের একটি চিঠির উল্লেখ করে লামিসা স্পাইনিং লিমিটেড নামে আরেকটি কোম্পানি তাদের জমি নতুন করে সার্ভে করতে হাই কোর্টে আবেদন করেছে। এ বিষয়টিকেও ‘আদালতের রায় বাস্তবায়নে বাধা’ হিসাবে উল্লেখ করা হয়েছে নোটিসে।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের একটি রিট আবেদনে ২০০৯ সালে হাই কোর্ট ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগসহ আশপাশের নদীগুলোর নাব্যতা রক্ষায় একটি রায় দেয়, যা ঢাকার চার নদী রক্ষার রায় হিসেবে পরিচিতি পায়।

রায়ে সিএস ও আরএস মানচিত্র অনুসারে ২০০৯ সালের ৩০ নভেম্বরের মধ্যে তুরাগ, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা ও বালু নদীর সীমানা জরিপ করতে বলা হয়।

ঢাকাকে ঘিরে থাকা চার নদীর নাব্যতা রক্ষায় দেয়া রায় পুনর্বিবেচনায় পাঁচটি আবেদন গত জুলাই মাসে খারিজ করে দেয় আপিল বিভাগ। এর ফলে শীতলক্ষ্যা নদী থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের বাধা দূর হয়।

মনজিল মোরসেদ বলছেন, হাই কোর্টের রায় অনুসারে অন্য নদীগুলোতে সীমানা নির্ধারণ ও সীমানা পিলার স্থাপনের কাজ প্রায় শেষ হয়ে গেলেও তুরাগের বিভিন্ন পয়েন্টে জটিলতা রয়ে গেছে।