রংপুরে আ.লীগ নেতা খুনের ঘটনায় মামলা
রংপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইমরান হোসেনকে কুপিয়ে হত্যার ঘটনায় মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলমসহ দুই জনকে প্রধান আসামি করে হত্যা মামলা হয়েছে।
বুধবার সকালে নিহতের ছোট ভাই বিপ্লব মিয়া কোতোয়ালি থানায় হত্যা মামলাটি করেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন থানার ওসি আব্দুল কাদের জিলানী।
ওসি জানান, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ এবং তার ভাগ্নে জেলা পিকআপ মালিক সমিতির সভাপতি ও মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলমকে প্রধান আসামি করে মামলায় ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া নাম উল্লেখ করা ছাড়া আরও কয়েকজনকে আসামি করা হয়।
সোমবার মধ্যরাতে ইমরানকে কুপিয়ে দুর্বৃত্তরা নগরীর সাতমাথা মোড়ে ফেলে রেখে যায়। ভোররাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইমরান হোসেন রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
মঙ্গলবার সকালে ইমরানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও এলাকাবাসী সাতমাথা মোড়ে বিক্ষোভ ও ভাঙচুর শুরু করে। তাকে হত্যায় জড়িত অভিযোগে বিক্ষুব্ধরা সাতমাথা মোড়ে আশরাফুল আলমের সাংগঠনিক কার্যালয় এবং সাতমাথা বাসস্ট্যাণ্ডে থাকা তার তিনটি মিনিবাস ও তিনটি মোটরসাইকেল ভাংচুর করে পুড়িয়ে দেয়।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, আব্দুল মজিদ ও আশরাফুলের নেতৃত্বে তাদের সন্ত্রাসী বাহিনী ইমরানকে কুপিয়ে হত্যা করে।
নিহতের চাচা আবুল হোসেনের অভিযোগ, “এলাকায় পিকআপ মালিক সমিতির নামে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ করায় মজিদ ও আশরাফুল ইমরানকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। তারাই এ হত্যার সঙ্গে জড়িত।”
ইমরান হত্যা মামলায় অভিযুক্ত মজিদ ও আশরাফুল আলম রংপুর মহানগর আওয়ামী লীগের সদস্য সাজিদ পারভেজ যাদু হত্যা মামলারও প্রধান আসামি। ২০১১ সালের ১৪ অক্টোবর রাতে সাজিদকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ মামলায় আদালতে দেওয়া পুলিশের অভিযোগপত্রেও এ দুই জনের নাম রয়েছে।
ওসি জিলানী বলেন, "এ ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।"
