খোকন রাজাকারের রায় বৃহস্পতিবার
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও পলাতক বিএনপি নেতা জাহিদ হোসেন খোকন ওরফে খোকন রাজাকারের যুদ্ধাপরাধ মামলার রায় হচ্ছে বৃহস্পতিবার।
ফাইল ছবি
একাত্তরে হত্যা, ধর্ষণ, ধর্মান্তরে বাধ্য করা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের ১১টি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের জন্য বৃহস্পতিবার দিন ঠিক করে দেয়। আসামির অনুপস্থিতিতে মানবতাবিরোধী অপরাধের তৃতীয় মামলার রায় হবে এটি।
এর আগে গত ১৭ এপ্রিল যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখে ট্রাইব্যুনাল। পলাতক খোকনের পক্ষে মামলার শুনানি করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আব্দুস শুকুর খান।
গতবছরের ৯ অক্টোবর অভিযোগ গঠনের মধ্য দিয়ে খোকন রাজাকারের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। সাক্ষ্যগ্রহণ শেষ হয় চলতি বছরের ২ এপ্রিল।
তার বিরুদ্ধে অভিযোগের মধ্যে ১৬ জন নারী ও শিশুসহ ৫০ জনকে হত্যা, তিনজনকে পুড়িয়ে হত্যা, ২ জনকে ধর্ষণ, ৯ জনকে ধর্মান্তরিত করা, দুটি মন্দিরসহ ১০টি গ্রামের বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগ, সাতজন গ্রামবাসীকে দেশান্তরে বাধ্য করা ও ২৫ জনকে নির্যাতনের ঘটনা রয়েছে।
প্রসিকিউশনের তদন্ত সংস্থা বলছে, ১৯৭১ সালের ২৯ মে চাঁদের হাটে পাকিস্তানী সেনাবাহিনী ও এদেশীয় রাজাকার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বড় ধরনের যুদ্ধ হয়। ওই যুদ্ধে ভাই জাফর রাজাকার মারা যাওয়ার পর তার ভাই খোকন নগরকান্দা রাজাকার বাহিনীর প্রধান হন।
১৯৭০ সালের জাতীয় নির্বাচনে খোকন জামায়াতের প্রার্থীর পক্ষে বৃহত্তর ফরিদপুর এলাকায় প্রচার চালান। পরে তিনি বিএনপির রাজনীতিতে জড়ান এবং নগরকান্দা পৌর কমিটির সহ-সভাপতি হন।
২০১১ সালে তিনি নগরকান্দা পৌরসভার মেয়র নির্বাচিত হন। মেয়র হিসেবে শপথ নেয়ার পর থেকেই তিনি পলাতক।
