২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধীদের ফাঁসি বন্ধে জাতিসংঘের আহ্বান উদ্দেশ্যমূলক’

যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ড কার্যকর না করতে জাতিসংঘের আহ্বান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 11:51 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

মঙ্গলবার রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র সন্ত্রাস দমনের নামে সিরিয়া, ইরাক, আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রে হামলা চালিয়ে হাজার হাজার মানুষ হত্যা করছে। তখন জাতিসংঘ সেগুলোকে সমর্থন করে।

“অথচ স্বাধীনতা যুদ্ধের সময় যারা অমানবিক হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার যখন প্রচলিত আইন অনুযায়ী হচ্ছে তখন জাতিসংঘ ফাঁসি বন্ধের আহ্বান জানাচ্ছেন। যুদ্ধাপরাধের বিচার নিয়ে বাইরের কোনো সংস্থা কথা বলবে তা গ্রহণযোগ্য নয়।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

একাত্তরে খুন-ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধে গত বছর ১২ ডিসেম্বর জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর দুদিন আগে তার মৃত্যুদণ্ড স্থগিত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছিলেন জাতিসংঘ মানবাধিকার কমিশনার নাভি পিল্লাই।

দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি ‘স্থিতিশীল’ মন্তব্য করে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, “এটি নিয়ে উদ্বেগের কিছু নেই। দেশের সামাজিক, অর্থনৈতিক অবস্থা দিনে দিনে উন্নতির পাশাপাশি মানবাধিকার অবস্থারও উন্নতি হচ্ছে।”

এর আগে মিজানুর রহমান রাজশাহী সার্কিট হাউজে  ‘সাংবাদিকতার নীতিনৈতিকতা ও শিশু সংবাদ প্রসঙ্গ’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

ইউনিসেফ ও এমআরডিএ রাজশাহীতে এ মতবিনিময় সভার আয়োজন করে। রাজশাহী বিভাগের আট জেলার সাংবাদিকরা এতে অংশ নেন।