ইজাহারের হত্যা মামলার অভিযোগ গঠন ফের পেছাল
হেফাজত নেতা মুফতি ইজাহার পরিচালিত চট্টগ্রামের লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রসায় বিস্ফোরণের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি তৃতীয়বারের মতো পিছিয়েছে।
আসামিপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস আগামী ১৯ জানুয়ারি শুনানির জন্য নতুন দিন রাখেন।
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) এম এ ফয়েজ বলেন, “এক আসামির পক্ষে সময় প্রার্থনা করা হয়। এছাড়া অভিযোগ থেকে আসামিদের অব্যাহতি দেওয়া সংক্রান্ত আবেদনের শুনানির জন্যও সময়ের আবেদন করা হয়।”
মামলার পাঁচ আসামির মধ্যে মাদ্রাসার অধ্যক্ষ হেফাজতে ইসলাম নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরী পলাতক। তার ছেলে হারুণ বিন ইজাহার অন্য মামলায় গ্রেপ্তার।
জামিনে থাকা অন্য তিন আসামি মাদ্রাসার শিক্ষার্থী মো. জুনায়েদ, হাবিবুর রহমান ও মো. ইসহাক।
আসামিপক্ষের আইনজীবী আবদুস সাত্তার জানান, পরীক্ষা থাকায় আসামি জুনায়েদের পক্ষে সময় প্রার্থনা করা হয়েছে।
এর আগে আসামিদের অনুপস্থিতির কারণে গত ১৫ ও ২৪ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানি হয়নি।
গত বছরের ৭ অক্টোবর জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার দারুল ইফতা ভবনের তৃতীয় তলার একটি কক্ষে বিস্ফোরণে আহত পাঁচজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়। তিনজনই ওই মাদ্রাসার শিক্ষার্থী।
এ ঘটনায় বিস্ফোরক ও এসিড আইনে দুটি এবং একটি হত্যা মামলা করে পুলিশ।
এ বছরের ১০ ফেব্রুয়ারি বিস্ফোরক মামলায় মুফতি ইজাহার ও তার ছেলে হারুণসহ নয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। গত ৬ এপ্রিল এই মামলায় অভিযোগ গঠন করা হয়।
হত্যা মামলায় গত ১১ জুন আদালতে দেওয়া পুলিশের অভিযোগপত্রে দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় পাঁচজনকে অভিযুক্ত করা হয়। সাক্ষী করা হয় ৩৪ জনকে।
এ বছরের ২৮ মে এসিড আইনের মামলাতেও বাবা-ছেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
এছাড়া সম্পদ বিবরণীর মামলায়ও মুফতি ইজাহারের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।
