চট্টগ্রামে ১১ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
চট্টগ্রামে প্রায় ছয় লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় অভিযান চালিয়ে ১১টি সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
মঙ্গলবার চট্টগ্রাম বিদ্যুৎ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদুল হকের নেতৃত্বে এ অভিযানে পরিচালিত হয়।
নগরীর ব্যারিস্টার কলেজ রোড, ঈশান মিস্ত্রীর হাট ও কলসী দিঘীর পাড় এলাকায় খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে চালানো এই অভিযানে দুটি অবৈধ বিদ্যুৎসংযোগও বিচ্ছিন্ন করা হয়।
চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সিনিয়র সহকারী পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ব্যারিস্টার কলেজ পাড়ার মো. মহিউদ্দিন চৌধুরির চারটি সংযোগের বিপরীতে দু্ই লাখ ৯০ হাজার ১৮৫ টাকা, একই এলাকার শাহজাদা আলমের চারটি সংযোগের বিপরীতে এক লাখ ৫৮ হাজার ২২ টাকা, কলসী দিঘীর পাড় এলাকার মো. জসীমের দুইটি সংযোগের বিপরীতে এক লাখ ৩৩ হাজার ৬৬ টাকা, একই এলাকার শাহাবুদ্দিনের ৪৮ হাজার ৯৪ টাকার বিল বকেয়া থাকায় তাদের সংযোগ বিচ্ছিন্ন ও মামলা করে ভ্রাম্যমান আদালত।
এদের বিরুদ্ধে মামলাও করে ভ্রাম্যমান আদালত।
এছাড়া অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের দায়ে ঈশান মিস্ত্রির হাট এলাকার ইলিয়াছ জোবায়েরকে দুই লাখ ৫০ হাজার টাকা ও কলসী দিঘীর পাড় এলাকার লিটনকে দুই লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
তাদের বিরুদ্ধেও পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
