‘উন্নয়ন’র ধুলায় ধূসর নগরী
ফ্লাইওভারের নির্মাণ কাজ, সড়ক সম্প্রসারণ, ওয়াসার পাইপলাইন সংস্কারসহ দীর্ঘদিন ধরে চলমান বা আটকে থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য খুঁড়ে রাখা সড়কের ধুলাবালিতে শুষ্ক মৌসুমের শুরুতেই ধূসর চট্টগ্রামের বিভিন্ন এলাকা।
বন্দরনগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে উড়তে থাকা ধুলায় অতিষ্ঠ শিক্ষার্থী, কর্মজীবীসহ পথচারীরা। এ পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য হুমকি জানিয়ে সতর্ক করেছেন চিকিৎসকরা।
ওয়াসার পাইপ লাইন স্থাপনের জন্য খোঁড়াখুঁড়িতে দেওয়ানহাট থেকে আগ্রাবাদ পর্যন্ত শেখ মুজিব সড়কে বেহাল দশা, ফ্লাইওভারের নির্মাণ কাজের জন্য বিআরটিসি মোড় থেকে কদমতলী পর্যন্ত বিআরটিসি সড়ক, সড়ক সম্প্রসারণের অসম্পূর্ণ কাজে বহদ্দারহাট মোড় থেকে কাপাসগোলা পর্যন্ত আরাকান সড়কের একাংশ এবং অসম্পূর্ণ অক্সিজেন-হাটহাজারী সড়কে এখন ধুলার ছড়াছড়ি। বারিক বিল্ডিং-মাদারবাড়ি সড়কেও রয়েছে ধুলার ওড়াওড়ি।
এছাড়া জাকির হোসেন সড়ক ও আগ্রাবাদ এক্সেস সড়কে ছোট-ছোট গর্ত দুর্ভোগ বাড়িয়েছে নগরবাসীর।
দিনের বেশিরভাগ সময়ই সড়কগুলোতে উড়তে থাকে ধুলাবালি; দূর থেকে দেখে মনে হয় ধোঁয়াশায় ঢাকা পড়েছে সবকিছু।
পাইপলাইন সম্প্রসারণের কাজে কাটা রাস্তা মেরামতের জন্য ওয়াসা এর মধ্যে অর্থ পরিশোধ করলেও এখনও কাজ শুরু করেনি সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
শেখ মুজিব সড়কের দেওয়ানহাট থেকে বারিক বিল্ডিং পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার একপাশ ওয়াসার পাইপলাইন স্থাপনের জন্য তিন ফুট প্রস্থে কেটে রাখা হয় মাস ছয়েক আগে।
ওয়াসার কাজ শেষে ইট-বালি দিয়ে কাটা অংশ ভরাট করা হয়েছে। এর পর থেকে এই সড়ক সংলগ্ন নগরীর অন্যতম প্রধান বাণিজ্যিক এলাকা ধুলার কবলে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, “আমরা এ মাসের শেষ নাগাদ সংস্কার কাজ শুরু করব। ওয়াসা টাকা আগেই শোধ করলেও নতুন বসানো পাইপে কোনো ধরনের সমস্যা বা মেরামত প্রয়োজন কি না তা জানতেই অপেক্ষা করা হচ্ছিল।”
এই বিলম্বের কারণে নগরবাসীকে পোহাতে হচ্ছে ধুলার দুর্ভোগ।
ধুলায় ত্যক্ত-বিরক্ত আগ্রাবাদ এলাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সুব্রত বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রতিদিন নাকে-মুখে রুমাল চেপে অফিসে আসতে হয়। অফিসে পৌঁছে দেখা যায়, পোশাক ময়লা হয়ে গেছে। এই যদি হয় বাণিজ্যিক এলাকার নমুনা তাহলে আর কী বলব?”
নগরীর লালখান বাজার এলাকার বাসিন্দা সাইফুল ইসলামও ধুলায় নাজেহাল।
“বাচ্চাদের নিয়ে সড়কে চলাচল এখন খুব বিপজ্জনক। একে তো বিভিন্ন স্থানে রাস্তা খারাপ, তার ওপর ধুলায় দম বন্ধ হওয়ার যোগাড়,” বলেন তিনি।
ধুলায় শিশুদের সবচেয়ে বেশি সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রামের সিভিল সার্জন সরফরাজ খান।
গত বছরের ১২ অক্টোবর বহদ্দারহাট মোড়ে ফ্লাইওভার উদ্বোধন হয়। ফ্লাইওভারটি খুলে দেওয়ার পর এক বছরের বেশি সময় পেরোলেও নিচের সড়কের সংস্কার হয়নি।
নগরীর এই প্রবেশপথে যানবাহনের চাপ অন্যান্য সড়কের তুলনায় বেশি হলেও এই সড়কে এখন বড়-বড় গর্ত।
বহদ্দারহাট ফ্লাইওভারের প্রকল্প পরিচালক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) নির্বাহী প্রকৌশলী মো. ইলিয়াছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বর্ষার কারণে সড়কের কাজ শেষ করতে পারিনি। গত ১০ দিন ধরে কাজ চলছে। কয়েকদিনের মধ্যেই পুরো সড়ক ঠিক হয়ে যাবে।”
এদিকে কয়েকটি মামলায় প্রায় দেড় বছর ধরে আটকে আছে বহদ্দারহাট থেকে কাপাসগোলা পর্যন্ত সড়কের সম্প্রসারণ কাজ।
এই সড়ক সংস্কারের প্রকল্প পরিচালক চউকের নির্বাহী প্রকৌশলী মেজবাহ উদ্দিন বলেন, “যারা মামলা করেছেন তাদের সাথে আলোচনা হচ্ছে। ডিসেম্বরের মধ্যে আমরা কাজ শেষ করতে পারব বলে আশা করছি।”
চট্টগ্রাম উন্নয়ন করপোরেশনের নির্মাণাধীন কদমতলী ফ্লাইওভারের কারণে নগরীর বিআরটিসি থেকে শুভপুর বাস স্টেশন হয়ে মাদারবাড়ি পর্যন্ত সড়কও ধুলার ‘রাজ্যে’ পরিণত হয়েছে।
বিআরটিসি মোড় এলাকায় মূল সড়কে ইট-সুরকির কোনো অস্তিত্বই নেই। গাঁয়ের মেঠো পথের মতো এই সড়কে উড়ছে ধুলাবালি।
কদমতলী এলাকার বাসিন্দারা ধুলা থেকে রক্ষার দাবিতে একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করেছে।
কদমতলী ফ্লাইওভারের প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী আহমেদ মঈনুদ্দিন বলেন, সড়ক সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। ১৫ দিনের মধ্যে সড়ক মেরামতের কাজ শুরু হবে।
