২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘প্রশাসনের ব্যর্থতার সুযোগ নিচ্ছে ছাত্রলীগের সন্ত্রাসীরা’

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দুই ভাগ্নীসহ বেগ আর্টের পরিচালকের লাঞ্ছিত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এর জন্য প্রক্টরিয়াল টিমের ব্যর্থতাকে দায়ী করেছে প্রগতিশীল ছাত্র জোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 07:21 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

পুরনো খবর:

কার্জন হলে বেগের ওপর হামলাকারী ৪ ছাত্র বহিষ্কার
বেগের ওপর হামলাকারীরা ছাত্রলীগকর্মী

ক্যাম্পাসে আর যাতে কোনো নারীকে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়তে না হয় সেজন্য আরো জনবল নিয়োগ করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলাভবনের মূলক ফটকের সামনে মানববন্ধন করে এ দাবি জানান জোটভুক্ত ছাত্র সংগঠনের নেতারা।

ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মারুফ বিল্লাহ তম্ময় বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের। প্রক্টরিয়াল টিমের অকার্যকারিতার সুযোগ নিচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সন্ত্রাসীরা। গত কয়েকদিনের ঘটনাপ্রবাহ তারই প্রমাণ  দেয়।”

গত বুধবার দুই ভাগ্নীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ঘুরতে গিয়ে কয়েক ছাত্রের মারধরে আহত হন বেগ আর্ট ফাউন্ডেশনের পরিচালক ইমতিয়াজ আলম বেগ। এ সময় তার ভাগ্নীদেরও লাঞ্ছিত করা হয় বলে মামলায় বলা হয়েছে।

এতে জড়িত অভিযোগে সোমবার চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যারা সবাই শহীদুল্লাহ হলের ছাত্রলীগকর্মী।

এ ঘটনার দিকে ইঙ্গিত করে ছাত্র ইউনিয়ন নেতা তন্ময় বলেন, “বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের। কিন্তু প্রশাসনের অবহেলার কারণে অপ্রীতিকর ঘটনা ঘটে, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে।”

মানববন্ধনে অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ফেডারেশনের সভাপতি মনোয়ারুল ইসলাম মাসুদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সহ-সভাপতি ইভা মজুমদার, বিপ্লবী ছাত্র মৈত্রীর রাসেল পারভেজসহ প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।