বেগের ওপর হামলাকারীরা ছাত্রলীগকর্মী
বেগ আর্ট ফাউন্ডেশনের পরিচালকের ওপর হামলাকারী হিসেবে চারজনকে চিহ্নিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, যারা সবাই শহীদুল্লাহ হলের ছাত্রলীগকর্মী।
তারা হলেন- উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ফারুক হোসেন, পদার্থবিদ্যা বিভাগের মাসুম, পরিসংখ্যান বিভাগের জিসান এবং গণিত বিভাগের জহিরুল ইসলাম ।
প্রথম বর্ষের এই চার ছাত্রই হল ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলামের অনুসারী বলে হলের শিক্ষার্থীরা জানিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বলেছেন, এই চারজনকে চিহ্নিত করতে হল ছাত্রলীগের নেতারাও সহযেগিতা করেছেন।
হল ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, চিহ্নিতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে বলেছেন তারা।
গত বুধবার বেগ আর্ট ফাউন্ডেশনের পরিচালক ইমতিয়াজ আলম বেগ কানাডা প্রবাসী এক ভাগ্নী ও মানবাধিকার প্রতিষ্ঠানের কর্মরত আরেক ভাগ্নীকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ঘুরতে গিয়েছিলেন।
শহীদুল্লাহ হলের পুকুর ঘাটে বসে থাকার সময় বিশ্ববিদ্যালয়ে চার শিক্ষার্থী তাদের ওপর চড়াও হন। অজ্ঞাতনামা চারজনকে আসামি করে ইমতিয়াজ বেগ থানায় মামলা করেন।
বিষয়টি জেনে প্রশাসনও অনুসন্ধান শুরু করে। দুদিন পর শনিবার ভারপ্রাপ্ত প্রক্টর এম আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহীদুল্লাহ হল ছাত্রলীগের সহযোগিতায় হামলাকারী চারজনকে চিহ্নিত করা হয়েছে।
“হামলাকারীদের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি ও সিদ্ধান্ত নেওয়া হবে,” বলেন তিনি।
কী সিদ্ধান্ত হতে পারে- জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রক্টর বলেন, “বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে কথা বলে প্রশাসনের সর্বোচ্চ শাস্তিই দেওয়া হবে।”
তিনি জানান, এই ঘটনায় শহীদুল্লাহ হল প্রশাসন হাউস টিউটর অধ্যাপক জসীম উদ্দীনকে প্রধান করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
হল ছাত্রলীগের সভাপতি আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিশ্ববিদ্যালয় তদন্ত করে সব ব্যবস্থা নেবে। হল ছাত্রলীগের পক্ষ থেকে সব ধরনের সাহায্য করা হবে।”
এদিকে ইমতিয়াজ বেগ হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। তবে হামলাকারীদের চিহ্নিত করার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছু জানায়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান তিনি।
