২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল শব্দটি জয়ের কাছে শেখা: হাসিনা

ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কম্পিউটার শিক্ষার হাতেখড়ির পাশাপাশি ডিজিটাল শব্দটিও তিনি ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকেই জেনেছেন।

রিয়াজুল বাশার

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 05:45 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

পুরনো খবর:

চাকরির জন্য আর ধরনা নয়: প্রধানমন্ত্রী

সারা দেশের সাড়ে চার হাজারের বেশি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রায় ১১ হাজার তরুণ উদ্যোক্তার অংশগ্রহণে ‘ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলন’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করার সময় একথা বলেন প্রধানমন্ত্রী।

বক্তব্যের শুরুতেই শেখ হাসিনা বলেন, “এই কম্পিউটার শিক্ষা, এটা যে আমি পেয়েছি, আর ডিজিটাল শব্দটা যে শিখেছি সেটা আর কারো কাছ থেকে নয়; আমার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছ থেকে।”

মঙ্গলবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মেলনের উদ্বোধন হয়।

২০০৮ সালের ভোটে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ‘রূপকল্প ২০২১’ ঘোষণা করা হয়, যেখানে ওই সময়ের মধ্যে বাংলাদেশকে ডিজিটাল তথ্য-প্রযুক্তি নির্ভর দেশ গড়ার অঙ্গীকার ছিল।

পেশাদার তথ্য-প্রযুক্তিবিদ সজীব ওয়াজেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা।

কম্পিউটার শিক্ষায় ছেলের ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “মানুষের শিক্ষা গ্রহণের কিন্তু কোনো বয়স নেই।

“জয় যখন স্কুলে পড়ত, কম্পিউটার নিয়ে আসত; তখন নাড়াচাড়া করে দেখতাম। সে আমাকে কিভাবে টাইপ করতে হয় একটা গ্রোগ্রাম দিয়ে দিত। আমি বসে বসে টাইপ করা প্রথমে শিখলাম। আমি আর আমার বান্ধবী বেবী মওদুদ…….

“এরপর আমরা অ্যাপল কিনলাম। সেখানে আমাদের অফিসের..পার্টির কাজ করার সাথে সাথে নিজেরাও বসে বসে কম্পিউটার শিক্ষা নিতাম।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বান্ধবী বেবী মওদুদ গত ২৫ জুলাই মারা যান। প্রায় পাঁচ দশক সাংবাদিকতা করে আসা বেবী মওদুদ সর্বশেষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোস্যাল অ্যাফেয়ার্স এডিটর ছিলেন।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ভারতে স্কুল ও কলেজের পড়াশোনা শেষে টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি নেন। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে পেশাদার তথ্য-প্রযুক্তিবিদ হিসেবে যুক্তরাষ্ট্রে কর্মরত আছেন।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সালের নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর তারই (জয়) পরামর্শে তখনকার অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াকে কম্পিউটারের ওপর থেকে কর তুলে নিতে বলেছিলেন।

“পরামর্শটা জয়ই আমাকে দিয়েছিল,” বলেন তিনি।

ডিজিটাল সেন্টার উদ্যোক্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পৌঁছানোর আগেই বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সজীব ওয়াজেদ।

“২০০৮ সালে যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম তখন অনেকেই মনে করেছিলেন-এটা সম্ভব নয়। তবে আজ আর কেউ বলে না, এটা কীভাবে হবে।”

জয় বলেন, “শুরুর দিকে চিন্তা ছিল প্রতিটি গ্রামে আমরা সাইবার ক্যাফে করবো; যেখান থেকে মানুষ তথ্য সেবা নিতে পারবে। সেটা হয়নি। তবে ২০০৯ সালে আমরা প্রতিটি ইউনিয়নে একটি করে ডিজিটাল সেন্টার করার উদ্যোগ গ্রহণ করি।

“যদিও তিন বছরের মধ্যে এটা করার কথা ছিল, কিন্তু এক বছরের মধ্যেই ইউনিয়ন পর্যায়ে এ সেবা আমরা পৌঁছে দিতে সক্ষম হই।”

ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জয় বলেন, “এটা বাস্তব যে, ইন্টারনেটের স্পিডের দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। এদিকে আমরা নজর দিয়েছি।

“সরকারের এই মেয়াদের মধ্যেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারে ফাইবার অপটিক কেবল পৌঁছে দেওয়া হবে, যাতে উচ্চগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।”

প্রধানমন্ত্রী জানান, তথ্য-প্রযুক্তি নির্ভর দেশ গড়ার লক্ষ্যে প্রতিটি জেলায় একটি করে হাইটেক পার্ক নির্মাণ করা হবে। বঙ্গবন্ধু উপগ্রহ পাঠানোর কাজও চলছে।