যুবলীগ নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
রাজশাহীর মোহনপুর উপজেলায় স্থানীয় এক যুবলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে মৌগাছি ইউনিয়নের চাঁদপুর গ্রামের একটি আমবাগানে শামসুল আলমের (৩৫) লাশ পাওয়া যায়।
শামসুল আলম ওই গ্রামের ইয়াদ আলীর ছেলে। গত ৩০ অক্টোবর ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলনে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
মোহনপুর থানার ওসি আবদুল হামিদ বলেন, সকালে আমবাগানে একটি গাছে শামসুল আলমের মৃতদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।
মৃতের মুখে রুমাল ঢোকানো ছিল। এ বিষয়টি রহস্যজনক। তবে, শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর কীভাবে শামসুলের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি আরও বলেন, শামসুল আলুর ব্যবসা করতেন। গত বৃহস্পতিবার ব্যবসায়িক কাজে তিনি ঢাকার উদ্দেশে বাড়ি থেকে বের হন। সোমবার রাতে তার বাড়ি ফেরার কথা থাকলেও ফেরেননি।
