২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে আ. লীগ নেতা খুন, বিক্ষোভ-অবরোধ

রংপুর শহরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 09:22 AM

Updated : 25 Apr 2022, 04:57 PM

নিহত ইমরান হোসেন রংপুর সিটি কর্পোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ছিলেন।

ইমরানের মৃত্যুর খবরে তার সমর্থকরা সাতমাথা মোড়ে বিক্ষোভ-ভাংচুর শুরু করায় লালমনিরহাট-কুড়িগ্রাম যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ হত্যাকাণ্ডের জন্য স্থানীয় যুবলীগ নেতা আশরাফুল আলমকে দায়ী করে তার কার্যালয় এবং সাতমাথা মিনিবাস স্ট্যান্ডে তিনটি মিনিবাস, তিনটি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা।

কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী জানান, রাতের কোনো এক সময়ে ইমরানকে কুপিয়ে দুর্বৃত্তরা নগরীর সাতমাথা মোড়ে ফেলে রেখে যায়।

ভোর ৪টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ইমরানের চাচা দুলাল মিয়ার অভিযোগ, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও জেলা পিকআপ মালিক সমিতির সভাপতি আশরাফুল আলম জড়িত।

এলাকার আধিপত্য নিয়ে বেশ কিছুদিন ধরেই তার ভাতিজার সঙ্গে আশরাফুলের বিরোধ চলছিল বলে জানান তিনি।

ইমরান হত্যার খবর ছড়িয়ে পড়লে সকালে তার সমর্থকরা শহরের সাতমাথা মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ভাংচুর শুরু করে। তাদের অবরোধের কারণে সকাল ৭টার দিকে লালমনিরহাট-কুড়িগ্রাম যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

বিক্ষুব্ধ সমর্থকরা সাতমাথা মোড়ে আশরাফুলের পিকআপ মালিক সমিতির কার্যালয় পুড়িয়ে দেয় এবং কার্যালেয়ের পাশে মিনিবাস স্ট্যান্ডে থাকা তিনটি মিনিবাস, তিনটি মোটর সাইকেল ও একটি প্রাইভেট কারে আগুন দেয়। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের গাড়িও ভাংচুরের শিকার হয়।

এক পর্যায়ে তারা আশরাফুলের মামা বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রংপুর বিভাগের সাধারণ সম্পাদক আবদুল মজিদের বাড়িতেও হামলার চেষ্টা করে। তবে পুলিশ তাদের সরিয়ে দেয়। 

হামলা-অগ্নিসংযোগের ঘটনায় তাৎক্ষণিকভাবে রংপুরের আট জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকেন আবদুল মজিদ।

ইমরান হত্যায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা এর সঙ্গে জড়িত নই। মোটর মালিক সমিতির এক নেতার ইন্ধনে এ ঘটনা ঘটেছে। আর দোষ আমাদের ওপর চাপানোর চেষ্টা হচ্ছে।”

সকালে যুবলীগ নেতা আশরাফুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে মহানগর যুবলীগের আহ্বায়ক সিরাজুল মনির বাশার বলেন, “এর সঙ্গে দলীয় সম্পৃক্ততা নেই। এটা ওদের এলাকার বিষয়।”

এদিকে বিক্ষোভ-ভাংচুরের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের মারধরের শিকার হন বৈশাখী টিভি ও আরটিভির দুই সাংবাদিক। এ সময় তাদের ক্যামেরাও ভাংচুর করা হয় বলে বৈশাখী টিভির রংপুর প্রতিনিধি আফতাব হোসেন জানান।

সকালে বিক্ষোভ শুরুর পর থেকেই রংপুর শহরের পরিস্থিতি থমথমে।  ভাংচুর-অগ্নিসংযোগের কারণে সাতমাথা এলাকায় সব ধরনের দোকানপাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। 

কোতোয়ালি থানার ওসি আবদুল কাদের জিলানী বলেন, “শহরে উত্তেজনা বিরাজ করছে। আমরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।”

পুরনো খবর:

রংপুরে পরিবহন ধর্মঘট স্থগিত