২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরইউ-গ্রামীণফোন পুরস্কার পেলেন ২৭ সাংবাদিক

বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ প্রতিবেদন তৈরির জন্য ২৭ জন সাংবাদিককে দেয়া হয়েছে ডিআরইউ-গ্রামীণফোন রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০১৪।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 10:37 PM

Updated : 13 Oct 2022, 12:47 PM

সোমবার বিকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত অনুষ্ঠানে নির্বাচিত সাংবাদিকদের নাম ঘোষণা ও তাদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

টেলিভিশন, অনলাইন ও সংবাদপত্র মাধ্যমের তিনজন প্রতিবেদক যৌথভাবে শ্রেষ্ঠ অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এক লাখ টাকা মূল্যমানের ‘সাগর-রুনি স্মৃতি পদক’ পান।

এরা হলেন, যমুনা টেলিভিশনের  আলাউদ্দিন আহমেদ (অপূর্ব আলাউদ্দিন), দ্য রিপোর্ট টোয়েন্টিফোর ডটকমের কাজী জামশেদ নাজিম এবং দৈনিক প্রথম আলোর রোজিনা ইসলাম।

পুরস্কারপ্রাপ্ত বাকি ২৪ জন সাংবাদিকের মধ্যে সংবাদপত্রের ১৫ জন, টেলিভিশনের ছয়জন, অনলাইনের দুইজন এবং রেডিও’র একজন পুরস্কার পেয়েছেন।

এদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য ডিআরইউ’র প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল কবির স্মৃতি পুরস্কার পেয়েছেন দৈনিক সমকালের  আবু সালেহ রনি। আর তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিবেদনের ‘পথিক সাহা স্মৃতি পদক’ দেয়া হয়েছে গাজী টেলিভিশনের রাজু আহমেদকে।

সংবাদপত্র মাধ্যমে পুরস্কার বিজয়ীরা হলেন, শিক্ষা বিষয়ে যায়যায় দিনের মো. মামুন হোসেন; সংসদ, আইন, বিচার ও নির্বাচন কমিশন বিষয়ে প্রথম আলোর সেলিম জাহিদ, রাজনীতি বিষয়ে ঢাকা ট্রিবিউনের জুলফিকার আলী মানিক, নগরীর সমস্যা ও সম্ভাবনা বিষয়ে দৈনিক বর্তমানের দিপন নন্দী, অর্থনীতি বিষয়ে জনকণ্ঠের শাহ মো. কাওসার রহমান, নারী ও শিশু বিষয়ে ইত্তেফাকের শিপন হাবীব, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি বিষয়ে সমকালের রাজীব নুর, ক্রিয়া বিষয়ে কালের কণ্ঠের মো. রাহেনুর ইসলাম, বিদ্যুৎ ও জ্বালানী বিষয়ে জনকণ্ঠের মো. মামুনুর রশিদ মামুন, কৃষি বিষয়ে ডেইলি স্টারের পরিমল পালমা, অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ে জনকণ্ঠের সুমি খান, জনশক্তি বিষয়ে ইনকিলাবের তাকি মো. জোবায়ের, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে প্রথম আলোর ফখরুল ইসলাম হারুন, স্বাস্থ্য বিষয়ে ঢাকা ট্রিবিউনের মনিরুজ্জামান উজ্জ্বল।

টেলিভিশন প্রতিবেদনে অর্থনীতি বিষয়ে চ্যানেল টোয়েন্টিফোরের মজুমদার বাবু, নগরীর সমস্যা ও উন্নয়ন বিষয়ে যমুনা টেলিভিশনের নাজমুল হোসেন, অপরাধ ও আইন-শৃঙ্খলা বিষয়ে চ্যানেল আইয়ের মোরছালিন বাবলা, সুশাসন ও দুর্নীতি বিষয়ে ৭১টিভির পারভেজ নাদির রেজা, পরিবেশ ও প্রকৃতি বিষয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের শিমুল বাশার পুরস্কার জিতে নেন।

রেডিও, টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইনে প্রকাশিত এবং প্রচারিত মোট ৪৫১টি প্রতিবেদন এবার ডিআরইউতে জমা দেয়া হয়েছিল। সেখান থেকে ২৫টি ক্যাটাগরিতে ২৭টি প্রতিবেদন বাছাই করা হয়।

সম্মাননা দিতে ১৩ সদস্যের একটি জুরি বোর্ড গঠন করা হয়েছিলো। নিয়মানুযায়ী এই জুরি বোর্ডে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ডিআরইউ সাবেক একজন সভাপতি। এবার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন সাবেক সভাপতি শাহজাহান সরদার।

এবার জুরি বোর্ডের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন দায়িত্ব পালন করেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক এএইচএম মোয়াজ্জেম হোসেন, নিউজ টুডে সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, হলিডে সম্পাদক সৈয়দ কামাল উদ্দিন, বৈশাখী টিভি প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল, উইকলি ইকোনমিক টাইমস সম্পাদক শওকত মাহমুদ, প্রেস ইন্সটিটিউট মহাপরিচালক শাহ আলমগীর, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. গোলাম রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও ফিল্ম অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আ জ ম শফিউল আলম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এমএম আকাশ, ক্রীড়াজগত সম্পাদক মাহমুদ হোসেন খান দুলাল ও প্রথম আলো সহযোগী সম্পাদক সোহরাব হাসান।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, প্রবীণ সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।