২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই পুলিশ কনস্টেবলকে কর্মস্থলে ফেরত

সাবেক এক সেনাসদস্যকে আটকে অর্থ আদায়ের অভিযোগে র‌্যাব যাকে আটক করেছিল, সেই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে তাকে কর্মস্থলে ফেরত পাঠিয়েছে পুলিশ।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 10:15 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

ঢাকা মহানগর পুলিশের প্ররক্ষা (প্রটেকশন ও প্রটোকল) বিভাগে কর্মরত কনস্টেবল জাহাঙ্গীর আলমকে শনিবার আটকের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে ২৪ ঘণ্টা ধরে র‌্যাব-পুলিশের ঠেলাঠেলি চলে।

র‌্যাব বলছিল, তারা একটি অভিযোগ পেয়ে আটকের পর জাহাঙ্গীরকে থানায় হস্তান্তর করে, বাকি কাজ করার দায়িত্ব পুলিশের।

অন্যদিকে পুলিশ বলে, যেহেতু র‌্যাব তার বিরুদ্ধে কোনও মামলা করেনি, আর সাবেক ওই সেনাসদস্যও কোনও অভিযোগ থানায় করেনি, তাই তারা কোনও পদক্ষেপ নিতে পারছে না।

ওই কনস্টেবলের খবর জানতে সোমবার রাতে তেজগাঁও থানায় যোগাযোগ করা হলে ওসি মাজহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীরকে বিকালে তারা প্ররক্ষা বিভাগে পাঠিয়ে দিয়েছেন।

“তাকে প্ররক্ষা বিভাগের ওসির কাছে হস্তান্তর করা হয়েছে। সেখানে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। দোষ প্রমাণিত হলে তাকে শাস্তি দেওয়া হবে।”

তবে র‌্যাবকে অভিযোগকারী সাবেক সেনা সার্জেন্ট আবদুল মান্নান মামলা করতে অনাগ্রহ দেখিয়েছেন বলে ওসি মাজহার জানান।

“তিনি পুলিশের কাছে লিখিতভাবে জানিয়েছেন, সেই কনস্টেবলের বিরুদ্ধে তিনি কোনও মামলা করতে চান না।”

বনানীর বাসিন্দা মান্নানকে আটকে রেখে তার ব্যাংক থেকে দেড় লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগে শনিবার দুপুরে র‌্যাব-২ ধানমণ্ডির অরচার্ড প্লাজার সামনে থেকে আটক করে কনস্টেবল জাহাঙ্গীরকে।

জাহাঙ্গীরের দাবি, মান্নান এক নারীর কাছ থেকে ৬৫ লাখ টাকা নিয়ে ফেরত দিচ্ছিলেন না। তিনি ওই অর্থ ফেরত নিতে ‘সহায়তা’ করছিলেন।

আটকের পর জাহাঙ্গীর ও মান্নান দুজনকেই মোহাম্মদপুরে র‌্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে মান্নান সাংবাদিকদের কাছে স্বীকার করেন যে ওই নারী তার কাছে অর্থ পান।

পরে র‌্যাব মান্নানকে ছেড়ে দিয়ে রাতে জাহাঙ্গীরকে ধানমণ্ডি থানায় সোপর্দ করে। তবে তার বিরুদ্ধে কোনও অভিযোগ দেয়নি র‌্যাব।

র‌্যাব ধানমণ্ডি থানায় হস্তান্তর করলেও কারওয়ান বাজার এলাকায় টাকা লেনদেন হয়েছে বলে কথা উঠলে জাহাঙ্গীরকে তেজগাঁও থানায় পাঠিয়ে দেওয়া হয়।

পুরনো খবর:

আটক কনস্টেবলকে নিয়ে র‌্যাব-পুলিশে ঠেলাঠেলি