কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ নিহতদের লাশ নেয়নি স্বজনরা
কুমিল্লায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই ব্যক্তির লাশ নিতে আসেনি পরিবারের কেউ।
নিহত রাব্বী (২০) ও জনি (২৫) কুমিল্লার গোয়েন্দা পুলিশের এক এসআইকে গুলি করে পিস্তল ছিনিয়ে নেওয়ার মামলার আসামি ছিলেন। রোববার পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তারা নিহত হন।
কুমিল্লা ডিবি পুলিশের ওসি মনিরুল ইসলাম জানান, সোমবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশ রাব্বী ও জনির লাশ বেওয়ারিশ হিসেবে কুমিল্লার আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়েছে।
আঞ্জুমানে মফিদুল ইসলাম সোমবার বিকাল ৪টায় নগরীর টিক্কার চর কবরস্থানে তাদের লাশ দাফন করে।
ওসি মনিরুল ইসলাম আরও জানান, গত বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে কুমিল্লার ডিবি পুলিশের এসআই ফিরোজ হোসেনকে গুলি করে পিস্তল ছিনতাই করে দুর্বৃত্তরা।
ওই মামলার আসামিদের ধরতে রোববার (৯ নভেম্বর) পুলিশ অভিযান চালায়।
তিনি বলেন, কুমিল্লা সদরের আলেখারচর এলাকায় অভিযান চলাকালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে আসামিরা, এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে ডিবি পুলিশের দুই কর্মকর্তাসহ ৫ জন আহত হয়।
এছাঢ়া হাসপাতালে ভর্তি রয়েছেন ফেনী সদরের উত্তর বিরিঞ্চি এলাকার তাজুল ইসলামের ছেলে শাহাদাত হোসেন (২০)।
আলেখারচরের সংঘর্ষের ঘটনায় ডিবির এসআই শাহ কামাল আখন্দ বাদী হয়ে দুইটি মামলা দায়ের করেছেন বলে জানান ডিবির ওসি মনিরুল।
অশোকতলা চৌমুহনী এলাকায় রাব্বীর বাসায় গিয়ে স্থানীয় সাংবাদিকরা কথা বলেন তার মা মমতাজ পারভীনের সঙ্গে।
তিনি জানান, রাব্বীর বাবার একটি রিকশার গ্যারেজ রয়েছে। রাব্বী ৫ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। পরে তাকে মুদি দোকানে বসানো হয়। খারাপ ছেলেদের সঙ্গে মিশে মুদির ব্যবসা বন্ধ হয়ে যায়। এরপর তার নামে বাসায় অভিযোগ আসতে থাকে। এক সময় বিভিন্ন অপরাধে মামলাও হয়। তাকে শোধরাতে না পেরে কয়েকবছর আগে আদালতে গিয়ে রাব্বীকে ত্যাজ্য ছেলে ঘোষণা করেন তারা।
এলাকাবাসীর আপত্তি থাকায় লাশ আনতে পারেননি বলে জানান।
নগরীর ৭নং ওয়ার্ড কমিশনার মো. শাহ আলম খান জানান, ৭নং ওয়ার্ডে নিহত রাব্বী ও জনির বাসা। তাদের চুরি-ছিনতাই ঘটনায় এলাকাবাসী অতিষ্ঠ ছিল।
কোনো অপরাধীর দাফন বা জানাযা এ এলাকায় দেয়া যাবে না বলে রোববার এলাকাবাসী বৈঠক করে সিদ্ধান্ত নেয়।
কুমিল্লার আঞ্জুমানে মফিদুল ইসলামের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন জানান, “সোমবার দুপুর ১২টার দিকে আমরা কোতোয়ালি পুলিশ থেকে রাব্বী ও জনি নামে দুইজনের লাশ গ্রহণ করি। অন্যান্য বেওয়ারিশ লাশের মতো তাদের দাফন করা হয়।”
