‘জঙ্গি সংশ্লিষ্ট’ বিচারকের পক্ষে শুনানিতে এপিপি
নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরির সংশ্লিষ্টতার মামলায় সাবেক সহকারী জজ শেখ ওমর শরীফের পক্ষে শুনানিতে অংশ নিলেন চট্টগ্রামের সরকারি এক আইন কর্মকর্তা, যা নিয়ে আইনজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
সোমবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের আদালতে জামিন শুনানিতে আসামিপক্ষে অংশ নেন চট্টগ্রাম জেলা আদালতের এপিপি।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাহী কমিটির সদস্য মানসের মোবাইলেই ফোন করে গত মাসে আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এক ব্যক্তি।
সোমবার আদালত শেখ ওমর শরীফকে ১০ লাখ টাকা মুচলেকায় দুই আইনজীবীর জিম্মায় সাত দিনের জন্য জামিন দেন। পাশাপাশি শেখ ওমর শরীফের পাসপোর্ট জব্দ করার নির্দেশ দিয়ে আদালত তার অন্য কোনও পাসপোর্ট আছে কি না, তা তদন্তেরও নির্দেশ দেয়।
জামিনে থাকা সময়ে যাতে ওমর শরীফ দেশত্যাগ করতে না পারে সেজন্য বাংলাদেশের সব বিমান, স্থল ও নৌ বন্দরকেও জানাতে পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।
আসামিপক্ষের আইনজীবী, চট্টগ্রাম জেলা আদালতের সাবেক পিপি কফিল উদ্দিন চৌধুরী এবং রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবীও এই শুনানিতে মানস দাশের অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতে শেখ ওমর শরীফের পক্ষে ওকালতনামা ও জামিননামায় (বেইল বন্ড) স্বাক্ষরকারী আইনজীবী মাসুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জামিন শুনানিতে শেখ ওমর শরীফের পক্ষে আমিসহ ২০ জন আইনজীবী অংশ নিয়েছি। এদের মধ্যে অধিকাংশই উনার ছাত্র ছিল। মানস কুমার দাশও ছিলেন। তবে তিনি ওকালতনামা বা জামিননামায় স্বাক্ষর করেননি।”
এ বিষয়ে জানতে আইনজীবী মানস দাশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অন্য আইনজীবীদের সঙ্গে কথা বলতে বলেন।
“এ ব্যাপারে আমার সিনিয়র ভালো বলতে পারবেন,” বলেই তিনি মোবাইল ফোন বন্ধ করে দেন।
নিষিদ্ধ সংগঠনের একজন আসামির পক্ষে শুনানিতে সরকারি আইন কর্মকর্তার অংশগ্রহণে ক্ষোভ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সমর্থক আইনজীবী রনি কুমার দে, যিনি নিজেও মানসের মতোই এপিপি হিসেবে কাজ করছেন।
রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ঘটনায় আমরা অত্যন্ত ক্ষুব্ধ। একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী কী করে জঙ্গিবাদের সঙ্গে যুক্ত আসামির পক্ষে শুনানিতে অংশ নেন? বিষয়টি আমরা আইনজীবী সমিতিকে জানাব।”
ওমর শরীফ আল মারুফ রাসেল চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশীর জাকির হোসেন সোসাইটির ১০ নম্বর সড়কের আবুল কাসেমের মালিকানাধীন ভবনের ষষ্ঠতলায় থাকতেন।
ওই বাসায় ২০১০ সালের ১৬ মে পুলিশ অভিযান চালিয়ে হিযবুত তাহরিরের বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী লিফলেট, পোস্টারসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ওমর শরীফের লেখা ‘এটাই আমার পথ’ বইও ছিল।
ওমর শরীফকে হিযবুত তাহরীরের চট্টগ্রাম অঞ্চলের সংগঠক উল্লেখ করে তার বিরুদ্ধে মামলাও করে পুলিশ।
ওমর শরীফ চাকরিতে সর্বশেষ ফেনীর সহকারী জজ ছিলেন। পরে সেই চাকরি ছেড়ে দেন তিনি।
চার বছর পর রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তাকে কারাগারে পাঠান মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস। একদিন বাদেই এই বিচারকই আসামিকে জামিন দেন।
