২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্দ্বীপে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় র‌্যাবের সঙ্গে সন্ত্রাসীদের কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 05:17 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

নিহত মোশাররফ হোসেন (৩৫) ওই এলাকার সন্ত্রাসী দল মোশাররফ বাহিনীর নেতা বলে দাবি করেছে র‌্যাব।

তিনি সন্দ্বীপ উপজেলার কুচিয়া মোড়া এলাকার সিদ্দিক আহমেদের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি সোহেল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বেলা ১২টার দিকে সন্দ্বীপ থেকে মোশাররফকে আটক করা হয়। এর পর তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়েই উপজেলার বাউরিয়া ইউনিয়নের জঙ্গলবাড়িতে মোশাররফ বাহিনীর আস্তানায় অভিযান শুরু করা হয়।

“এসময় সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছুড়া শুরু করলে তারাও পাল্টা গুলি ছুড়তে থাকেন। এক পর্যায়ে ক্রসফায়ারের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মোশাররফের মৃত্যু হয়।”

এএসপি সোহেল বলেন,  ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা মোশাররফ বাহিনীর সদস্য। একই গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

এগুলোর মধ্যে একটি বিদেশি পিস্তল, দুটি দোনলা বিদেশি রাইফেল, ১৪টি একনলা দেশি ও বিদেশি রাইফেল, ছয়টি ওয়ান শুটার গান, ছয়টি থ্রি কোয়ার্টার রাইফেল, একটি পাইপ গান ও ৪৯ রাউন্ড গুলি।

নিহত মোশাররফ সমুদ্রেপথে নৌডাকাতির পাশাপাশি অস্ত্র বিক্রির সঙ্গেও যুক্ত ছিল বলে জানান তিনি।