চীনের প্রাচীরে রাষ্ট্রপতি
দুই হাজার বছরেরও বেশি সময় আগে সাম্রাজ্য রক্ষায় পৃথিবীতে মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনাটি নির্মাণ করেছিল চীনারা, সেই মহাপ্রাচীর পায়ে হেঁটে ঘুরে দেখলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
চীন সফররত রাষ্ট্রপতি সোমবার সকালে সাড়ে ৬ হাজার কিলোমিটার দীর্ঘ এই প্রাচীরের পাতালিং অংশে পৌঁছান। স্ত্রী রাশিদা খানমকে সঙ্গে নিয়ে প্রাচীরের কিছু পথ হেঁটে উঠে তিনি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করেন।
মহাপ্রাচীর পরিদর্শনের সময় রাষ্ট্রপতিকে জানানো হয়, এখন পর্যন্ত মাত্র একজন চীনা নাগরিক প্রায় দেড় বছর সময় নিয়ে পুরো মহাপ্রাচীর হেঁটে পাড়ি দিয়েছেন।
মহাপ্রাচীর ঘুরে দেখার পর আবদুল হামিদ ভিজিটরস বইয়েও সই করেন।
আন্তর্জাতিক একটি সংলাপে যোগ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে গত ৭ নভেম্বর বেইজিং পৌঁছান বাংলাদেশের রাষ্ট্রপতি। মঙ্গলবার সিঙ্গাপুর হয়ে তার দেশে ফেরার কথা রয়েছে।
