শেরপুরে হাতবোমা বিস্ফোরণ, শিবির নেতা গ্রেপ্তার
যুদ্ধাপরাধী মো. কামারুজ্জামানের মুক্তির দাবিতে ঝটিকা মিছিলের পর হাতবোমা বিস্ফোরণের ঘটনায় শেরপুর পলিটেকটিক ইনস্টিটিউটের ছাত্রশিবির সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নাহিদ হাসান রাশেদ (২০) নালিতাবাড়ী উপজেলার বাসকান্দা মরিচপুরান গ্রামের বিল্লাল হোসেনের ছেলে।
শেরপুর সদর থানার ওসি মো. মাজহারুল করিম জানান, রোববার রাতে শহরের সজবরখিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
“রাশেদের দেওয়া তথ্যে রাতে মধ্যবয়ড়া গ্রামের একটি বাড়ি থেকে ছাত্রশিবিরের বিপুল সংখ্যক সাংগঠনিক বই জব্দ করা হয়েছে।”
ওসি জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের মুক্তির দাবিতে রোববার সন্ধ্যায় শহরের কলেজ মোড় থেকে ঝটিকা মিছিল বের করে ছাত্র শিবিরকর্মীরা। ওই মিছিল থেকে শহরের সজবরখিলা এলাকায় চারটি হাতবোমা ফাটানো হয়।
ঘটনার পরপরই পুলিশ সজবরখিলা এলাকায় অভিযান চালিয়ে রাশেদকে গ্রেপ্তার করে।
তার বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে বলে ওসি মাজহারুল জানান।
