২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে দোকান ‘দখল’ মেয়র শ্যালকের

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পৌর মেয়রের শ্যালকের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর, লুটপাট ও দখলের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 07:17 PM

Updated : 26 Jul 2022, 12:45 PM

রোববার দুপুরে কৃষ্ণপুরা চৌরাস্তা এলাকায় এ হামলার সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কর্মচারীরা মারধরের শিকার হন।

ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মালিকদের অভিযোগ, কৃষ্ণপুরা গ্রামের জাহেদ আলীর ছেলে আবু মিয়া আড়াইহাজার কৃষ্ণপুরা চৌরাস্তা এলাকায় রেলওয়ের দেড় শতাংশ সম্পত্তি ইজারা নিয়ে তিনটি দোকান নির্মাণ করে ভোগ দখল করে আসছিলেন।

২৫ বছর আগে আবু মিয়া এই জায়গার দখল তার ভাই কফিলউদ্দিনের ছেলে আলীমুদ্দিনের কাছে হস্তান্তর করেন।

পরে সেখানে আলীমুদ্দিনের ভাই জমির আলী একটি চায়ের দোকান, দেবীপুরা এলাকার রবি পাল একটি রেস্তোরাঁ ও বাঘানগর এলাকার মুঞ্জুর মিয়া মটর পার্সের দোকান চালু করেন।

রোববার দুপুরে আকস্মিকভাবে আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমানের চাচাত শ্যালক দিদার মিয়ার ছেলে জালালউদ্দিন, আলাউদ্দিন, জালালউদ্দিনের ছেলে ইমন ২৫/৩০ জন সন্ত্রাসীসহ দেশি ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।

তারা দোকানদার ও কর্মচারীদের মারধর করে তিনটি দোকানের টাকাসহ মালামাল লুট করে, আসবাবপত্র রাস্তায় ফেলে দিয়ে ঘর তিনটিতে তালা মেরে চলে যায়।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

এ ব্যাপারে মো. জালালউদ্দিন জানান, বাঘানগর এলাকার কালু মিয়া ও আউয়ালের ছেলের কাছ থেকে তিনি জায়গাটি ক্রয় করেছেন।

আড়াইহাজার থানার ওসি মো. আলমগীর জানান, ঘটনার পর সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ব্যাপারে আলীমুদ্দিন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে আড়াইহাজার পৌরসভার মেয়র হাবিবুর রহমান বলেন, “দোকানগুলোর মালিক আমার চাচাত শ্যালক জালালউদ্দিন। সে ওই দোকানগুলো ভাড়ায় দিলেও তারা ভাড়া দিত না। তাই জালাল তার দোকান দখলে নিয়েছে।”

রেলওয়ের জমির ইজারার প্রসঙ্গে বলেন, “রেলওয়ের জমি অন্য জায়গায় আছে।”