২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে সাক্ষী সুরক্ষা কমিটির সভা অনুষ্ঠিত

মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সাক্ষীদের সুরক্ষায় গঠিত কমিটির সভা হয়েছে শেরপুরে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 06:17 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে রোববার এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় শেরপুরে অবস্থানরত এ মামলার সাক্ষ্যসহ অন্যান্য কার্যক্রমে জড়িত ব্যক্তিদের পুলিশ সার্বক্ষণিক নিরাপত্তা দিচ্ছে বলে জানানো হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কামারুজ্জামানের বাড়ি শেরপুর হলেও জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়।

মানবতাবিরোধী অপরাধ মামলায় কামারুজ্জামানকে দেয়া ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ড বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সভায় এ মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষীদের মধ্যে উপস্থিত ছিলেন মনোয়ার হোসেন খান ওরফে মোহন মুন্সি, সোহাগপুর বিধাব পল্লীর শহীদ পরিবারের সদস্য জালাল উদ্দিন ও মজিবর রহমান পানু।

এছাড়াও ছিলেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, সহকারী পুলিশ সুপার শেরপুর (সদর সার্কেল) মোহাম্মদ শাহজাহান মিয়া, পাঁচ উপজেলার ইউএনও, পাঁচ থানার ওসিসহ র‌্যাব ও বিজিবির প্রতিনিধিরা।

কামারুজ্জামানের বিরুদ্ধে শেরপুর থেকে সাক্ষ্য দেন  শেরপুরে কামারুজ্জামানের স্থাপন করা আলবদর ক্যাম্প ও নির্যাতন কেন্দ্রের দারোয়ান মনোয়ার হোসেন খান মোহন, মুক্তিযোদ্ধা জহুরুল হক মুন্সী বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা ফকির আব্দুল মান্নান, মুক্তিযুদ্ধের শহীদ গোলাম মোস্তফা হোসেন তালুকদারের ছোট ভাই মোশাররফ হোসেন তালুকদার, শহীদ মুক্তিযোদ্ধা বদিউজ্জামানের বড় ভাই ডা. মো. হাসানুজ্জামান, লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে এক শহীদের ছেলে জিয়াউল ইসলাম, অ্যাডভোকেট আবুল কাশেম, মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান মো. জালাল উদ্দিন, মুজিবুর রহমান খান পান্নু এবং শেরপুর জেলার ‘বিধবাপল্লী’ নামে খ্যাত সোহাগপুর গ্রামের নির্যাতিত তিন নারী।

সভা অংশগ্রহণকারী সোহাগপুর বিধবাপল্লীর বাসিন্দা ও মামলার সাক্ষী মো. জালাল উদ্দিন  বলেন, সোহাগপুর বিধবা পল্লীতে পুলিশ অস্থায়ী ক্যাম্প স্থাপন করেছে। এখন তারা নিরাপদে আছেন।

কামারুজ্জামানের টর্চার সেলের দারোয়ান আল বদর সদস্য ও মামলার সাক্ষী মনোয়ার হোসেন ওরফে মোহন মুন্সি বলেন, “পুলিশ সবসময় আমার বাড়িতে নিরাপত্তা দিচ্ছে।”

জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বলেন, “জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল আছে। কামারুজ্জামানের মামলায় রায় ঘোষিত হয়েছে। যারা ভিকটিম এবং মামলার সাক্ষী, তাদের নিরাপত্তায় গঠিত কমিটির মাধ্যমে আমরা তাদের নিরাপত্তার বিষয়টি দেখছি।”