চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের প্রতিবাদের মুখে নৌমন্ত্রী
চট্টগ্রাম বন্দরে একটি অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে বার্থ অপারেটর শ্রমিকদের প্রতিবাদের মুখে পড়তে হয়েছে নৌমন্ত্রী শাজাহান খানকে।
রোববার চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের জন্য ‘সুনির্দিষ্ট রঙের নিরাপত্তা জামার’ উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
প্রধান অতিথি হিসেবে মন্ত্রী বক্তব্য রাখতে গেলে সারিবদ্ধভাবে দাঁড়ানো বার্থ অপারেটর শ্রমিকরা তাদের বঞ্চনার কথা উচ্চস্বরে জানাতে থাকে।
এসময় শাজাহান খান শ্রমিকদের যে সব বার্থ অপারেটর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা শান্ত হয়।
বন্দর ও বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংস্থার কর্মচারী ও শ্রমিকদের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট চার রঙের নিরাপত্তা পোশাক পরার নিয়ম চালু করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
এখন থেকে শ্রমিক, চালক ও চালকের সহকারীদের কমলা, পরিচ্ছন্নতা কর্মীদের সবুজ, সাধারণ কর্মচারীদের নীল এবং সংরক্ষিত এলাকা ব্যবহারকারী কর্মচারীদের হলুদ রঙের নিরাপত্তা জামা পরতে হবে।
এই নিয়মের সুবিধার কথা জানিয়ে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন বন্দরে নিরাপত্তার স্বার্থে বন্দর ব্যবহারকারীদের জন্য সুনির্দিষ্ট পোশাক প্রচলিত আছে।
“নিরাপত্তা জামার উদ্বোধনের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা সুদৃঢ় হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেল।”
শ্রমিকদের আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, “আপনাদের অনেকের কাছে আমার ফোন নম্বর আছে। কোন বঞ্চনার ঘটনা ঘটলে সঙ্গে-সঙ্গে আমাকে জানাবেন।”
গত ৪৩ বছর ধরে শ্রমিকদের স্বার্থে রাজনীতি করছেন উল্লেখ করে শাজাহান খান বলেন, “শ্রমিকদের সমস্যাগুলো আমি বুঝি।”
বক্তব্যে শ্রমিকদের জন্য কল্যাণ তহবিলে বরাদ্দ বাড়ানো, প্রতি বছর ১০% হারে বেতন বৃদ্ধি, জনবল সংকট নিরসনে রেকর্ড সংখ্যক নিয়োগ ও বন্দর শ্রমিকদের সন্তানদের জন্য কলেজ (ছেলে-মেয়েদের জন্য আলাদা) স্থাপনের কথা উল্লেখ করেন মন্ত্রী।
লক্ষ্মীপুরে লাইটার জাহাজে ডাকাতির ঘটনায় জড়িতদের খুঁজে বের করার আশ্বাস দিয়ে ধর্মঘট প্রত্যাহারে বিকালে মালিক, শ্রমিক, পুলিশ ও প্রশাসনের সমন্বয়ে বৈঠকের কথাও জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নৌ-নিরাপত্তার জন্য আমরা আলাদা করে নৌ-পুলিশ গঠন করেছি। নৌ-ডাকাতির ঘটনা আগের চেয়ে হ্রাস পেলেও একেবারে কমে যায়নি।
“নৌ-নিরাপত্তা জোরদারে এখন থেকে নৌ-পুলিশ ও কোস্টগার্ডের যৌথ টহলের ব্যবস্থা করা হবে।”
নৌ-পুলিশ ও কোস্টগার্ডে জনবল সংকট ও পর্যাপ্ত নৌ-যান স্বল্পতার কথা উল্লেখ করে তিনি বলেন, এসব সংকট নিরসনে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।
এনসিটি পরিচালনা বিষয়ে এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, “জাতীয় স্বার্থ সমুন্নত রেখে কিভাবে এনসিটি পরিচালনা করা যায় সে বিষয় নির্ধারণ করতে আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি। কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।”
অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন ও পরিচালক (নিরাপত্তা) লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির উপস্থিত ছিলেন।
